নায্য মূল্যে সার দেওয়ার দাবিতে পথ অবরোধে সামিল হলেন কৃষকেরা। শনিবার পুরুলিয়ার আড়ষায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান শতাধিক কৃষক। বিক্ষোভের জেরে ব্যাহত হয়ে পড়ে যানবাহন চলাচল। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় আড়ষা ব্লকের কৃষি অধিকর্তা এবং আড়ষা থানার পুলিশ। অভিযোগ, সরকারি নির্ধারিত মূল্যে পর্যাপ্ত সার না পাওয়ায় চাষাবাদে সমস্যার মুখে পড়তে হচ্ছে তাঁদের। পরিস্থিতির সুযোগ নিতে এলাকায় এলাকায় শুরু হয়েছে সারের কালোবাজারি। অনেক ক্ষেত্রেই বেশি দামে সার কিনতে হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা। কৃষকদের সঙ্গে আলোচনার সময় কৃষি অধিকর্তা আশ্বাস দেন, চলতি সপ্তাহের মধ্যেই সমস্ত চাষিকে সরকারি নির্ধারিত দামে সার সরবরাহ করা হবে। প্রশাসনের এই আশ্বাসে পথ অবরোধ তুলে নেন কৃষকেরা।
বৃষ্টির কারণে চাষের মরসুম শুরু হয়েছে দেরিতে। কৃষকেরা ধানের ভালো ফলন পাওয়ার জন্য ইউরিয়া সার ব্যবহার করে থাকেন। ধান লাগানোর সময় অর্ধেক এবং বাকি সার ‘চাপান’ হিসেবে দফায় দফায় ব্যবহার করেন চাষিরা। একটু রোদ উঠলেই চাষীরা জমিতে সার প্রয়োগ করেন। জেলার চাষীরা মূলত রাষ্ট্রায়ত্ত সংস্থা ইফকো উৎপাদিত ইউরিয়া ব্যবহার করেন। কিন্তু চাষিদের অভিযোগ চাষের শুরু থেকেই শুরু হয়েছে সারের কালোবাজারি। সময়মতো পাওয়া যাচ্ছে না সার। অথচ এই দিকে সার দেওয়ার সময় পেরিয়ে যাচ্ছে। শনিবার সকালে আড়ষার একটি লাইসেন্সপ্রাপ্ত সার ও বীজ ভান্ডারের সামনে লাইন দিয়েছিলেন কৃষকরা। কেউ ভোর থেকে, কেউ রাত থেকে। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর জানতে পারেন, পর্যাপ্ত পরিমাণে ইউরিয়া সার নেই। তারপরেই সার না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। পরে রাজ্য সড়কের আড়শা হাটতলা মোড়ে বসে পড়ে বিক্ষোভ ও অবরোধ শুরু করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান আড়শা থানার পুলিশ। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। কৃষি অধিকর্তা এবং পুলিশের আশ্বাসে বেশ কিছুক্ষন অবরোধ চলার পর তা তুলে নেওয়া হয়। সমস্যার সমাধান না হলে ফের তারা পথে নামবেন বলে জানিয়ে দিয়েছেন।
Farmers Protest
পুরুলিয়ায় কৃষক বিক্ষোভ পথ অবরোধ
×
Comments :0