TMC MLA Arrested

গ্রেপ্তার তৃণমূলের প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস

রাজ্য জেলা

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি তথা বনগাঁ উত্তরের প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস গ্রেপ্তার। সোমবার দুপুরে গোপালনগর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গোপালনগর থানার পুলিশ সুত্রে জানা গেছে বেআইনী আগ্নেযাস্ত্র রাখার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ দাবি করেছে, গোপন সূত্রে খবর পেয়ে প্রাক্তন বিধায়কের গাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে পাওয়া খবরের বিবরণে জানা গেছে , এদিন দুপুরে গাড়ি করে গোপালনগর বাজার এলাকা দিয়ে যাচ্ছিলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক। সেই সময় তাকে গাড়ি থেকে নামিয়ে তল্লাশি চালায় পুলিশ। গাড়ি থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্রটি। অস্ত্রটি কোথা থেকে এল এবং কেন তা গাড়িতে রাখা হয়েছিল সেই সম্পর্কে জানতে চাওয়া হলে সন্তোষজনক উত্তর দিতে পারেনি বিশ্বজিৎ দাস। তাকে থানায় নিয়ে যাওয়া হয়। বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে তাঁকে গ্রেপ্তার করা হয়। আটক করা হয় তাঁর গাড়িটিও।
উদ্ধার হওয়া আগ্নেযাস্ত্রটি কী ভাবে তার গাড়িতে এলো তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃত বিশ্বজিৎ দাস বনগাঁ উত্তর বিধানসভার দুবার তৃণমূলের নির্বাচিত বিধায়ক ছিলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে দলবদল করে বিজেপির প্রার্থী হিসেবে বনগাঁ উত্তর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। তবে বিধায়ক হওয়ার কয়েক মাসের মধ্যেই ফের তৃণমূলে ফিরে আসেন। এর পর ২০২৪ সালে তাকে বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতির দায়িত্ব দেওয়া হয়।  তারপর থেকে তিনি বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতির দায়িত্ব সামলেছেন। গত লোকসভা নির্বাচনে বনগাঁ কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়ে পরাজিত হন তিনি। বনগাঁ উত্তর বিধানসভা নির্বাচনেও তৃণমূলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়ার কাছে পরাজিত হন তিনি। এদিন আগ্নেয়াস্ত্র উদ্ধারের অভিযোগে গ্রেপ্তার হওয়ায় নতুন করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। অস্ত্রটি কীভাবে তাঁর গাড়িতে এল এবং এর সঙ্গে আর কেউ যুক্ত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Comments :0

Login to leave a comment