Belin Mayoral Election

সবার জন্য আবাসনের রাজনীতিতে বার্লিনের জয়ী বামপন্থী এরাল্প

আন্তর্জাতিক

বার্লিনের মেয়র পদে জয়ী এলিফ এরাল্প।

আম জনতার থাকার জায়গা পেতে খরচ করতে হয় মোটা টাকা। ভাড়া দিতে হয় চড়া হারে। মুখ্যত আবাসনের সঙ্কটকে সামনে রেখে প্রচার চালিয়ে বার্লিনের মেয়র নির্বাচনে জয়ী হয়েছেন বামপন্থী প্রার্থী এলিফ এরাল্প।
নির্বাচনে জয়ের পরই বেসরকারি আবাসন ব্যবসাকে সরকারি হাতে নেওয়ার লক্ষ্য জানিয়েছেন এলিফ এরাল্প। সাধারণ মানুষের থাকার জায়গা তৈরিতে জোর দেওয়ার লক্ষ্যও জানিয়েছেন তিনি। 
এই প্রথম বার্লিনের মেয়র পদে বসবেন কোনও বামপন্থী প্রার্থী। এর আগে শিল্পোন্নত বিশ্বের আরেক বড় শহর নিউ ইয়র্কে মেয়র পদে নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। তিনিও সমাজকল্যাণ মূলক অর্থনীতি এবং সমাজনীতিতে জোর দিয়েছিলেন। জোর দিয়েছিলেন মাথা গোঁজার ঠাঁই মেলার সমস্যার সমাধানে। 
বার্লিনের নির্বাচনে এলিফ এরাল্পের দল ‘ডি লিনক‘, যার অর্থ বামপন্থী, হারিয়েছে চ্যান্সেলর ফ্রেডেরিক মার্ৎসের দল রক্ষণশীল দক্ষিণপন্থী ক্রিস্টিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়নকে। মধ্য বাম সোশাল ডেমোক্র্যাটসও হেরেছে নির্বাচনে। 
সাবেক পূর্ব জার্মানির কমিউনিস্ট পার্টি পুনর্গঠনের পর্বে তৈরি হয় ডি লিনক, জানাচ্ছে জার্মানির রাজনৈতিক পর্যবেক্ষক মহল। মেয়র নির্বাচনে ২৫.৩ শতাংশ ভোট পেয়েছে এই দল। এর আগের নির্বাচনের তুলনায় দ্বিগুন হয়েছে ভোট। 
আবাসনের জাতীয়করণের বিষয়ে বার্লিনে গণভোট হয়েছিল ২০২১ সালে। ৫৮ শতাংশ জাতীয়করণের পক্ষে মত জানিয়েছিলেন। বামপন্থীরা বলছেন, এই নীতি কার্যকর হলে আবাসন ব্যবসায়ীদের হাতে থাকা ২ লক্ষ ২০ হাজার ঘর আসবে প্রশাসনের হাতে।  
এদিকে অতি দক্ষিণপন্থী এএফডি ম্যাকলেনবার্গ-ওয়েস্টার্ন পমেরানিয়া প্রদেশে একটি স্থানীয় নির্বাচনে জয়ে হয়েছে। 
এলিফ এরাল্পের পরিবার তুরস্ক থেকে চার দশক আগে জার্মানিতে অভিবাসী হিসেবে আশ্রয় নেয়। ছেচল্লিশ বছরের মহিলা রাজনীতিবিদ এরাল্প জনকল্যাণকর অর্থনীতির পক্ষে সরব মুখ।

Comments :0

Login to leave a comment