Hailstorm

শিলাবৃষ্টি মালবাজারে

জেলা

ছবি- সোমনাথ দত্ত।

চৈত্রের শুরুতেই শিলাবৃষ্টি মাল বাজারে। মঙ্গলবার বিকালে মালবাজার শহর সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় মুষলধারায় বৃষ্টি শুরু হয়। বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টি হয়। রবি ও সোমবার মালবাজার শহর সহ পার্শ্ববর্তী এলাকায় বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়া ও মুষলধারে বৃষ্টি হয়। তবে এদিন বিকালে মুষলধারায় বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টি হয়েছে। ঝড়ো হাওয়ার দাপটে তাপমাত্রাও অনেকটা ছিল কম। সকাল থেকেই এদিন ঝলমলে রোদ উঠতে দেখা যায়। তবে বিকেলের দিকে কালো মেঘের বিকৃতি বাড়তে থাকে। বিকাল সাড়ে চারটা নাগাদ শিলাবৃষ্টি শুরু হয়। সেই সঙ্গে ঝোড়ো হাওয়াও বয়ে যাচ্ছিল। ফাল্গুনের শেষ ও চৈত্রের শুরুতে এই বৃষ্টির স্থায়িত্ব বেশিক্ষণ না হলেও স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মধ্যে। সামনেই ঈদ-উল-ফিতর অনুষ্ঠান। উৎসব ঘিরে মানুষজন কেনাকাটা করতে শুরু করেছেন। বৃষ্টির কারণে কেনাকাটায় ভোগান্তিতে পড়েছেন অনেকেই। তবে এই বৃষ্টি স্বস্তির পাশাপাশি রোমাঞ্চকর করেছে জনমানষে। বিকেলের দিকে অনেককেই দেখা গেল ছাতা মাথায় রাস্তায় বের হতে। শিলাবৃষ্টির কারণে চারিদিক কিছুক্ষণের জন্য হয়ে ওঠে সাদা বরফময়। অনেককেই দেখা গেল শিলাবৃষ্টির বরফ হাতে তুলে খেলা করতে। কিছুক্ষণের জন্য সমগ্র এলাকা যেন হয়ে উঠলো সাদা বরফে ঢাকা। পাশাপাশি এদিনের শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়ার দরুন মালবাজার শহরসহ পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকায় দীর্ঘক্ষণ বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়। কার্যত মালবাজার শহর এলাকার ডুবে যায় অন্ধকারে। সমস্যায় পড়েন ব্যবসায়ী থেকে পথচারী সকলেই। সুভাষ মোড় সংলগ্ন এলাকার ব্যবসায়ী বিমল বর্মন জানিয়েছেন, ‘‘বিকালের শিলাবৃষ্টির দরুন দোকানে ক্রেতা সমাগম ছিল অনেকটাই কম। বিদ্যুৎ পরিষেবা ব্যাহত থাকায় সমস্যায় পড়তে হয়’’।
এদিন সন্ধ্যায় ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের সুলকাপাড়া ও আংরাভাসাতেও শিলাবৃষ্টি হয়েছে। বহু বাড়ির টিন ঝাঁঝরা হয়ে গিয়েছে। ফালাকাটা, আলিপুরদুয়ার ১ ব্লকের পলাশবাড়ি, শালকুমারহাট এলাকায় ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে।

Comments :0

Login to leave a comment