Port Workers

হাসপাতাল বিক্রি, তারাতলায় বন্দর কর্মীদের অবস্থান মঞ্চ খোলালো পুলিশ

কলকাতা

শ্রমিক কর্মচারীদের আন্দোলন ভাঙতে কেন্দ্রের সরকারের সঙ্গে মিলেমিশে কাজ করছে রাজ্যের পুলিশ। 
কলকাতা বন্দর কর্তৃপক্ষ আপত্তি জানানো মাত্র কর্মচারীদের আন্দোলন মঞ্চ তুলে দিতে নেমে পড়ল কলকাতা পুলিশ। 
কলকাতা বন্দরের তারাতলার হাসপাতালে পিপিপি মডেল চালু করছে কর্তৃপক্ষ। কেন্দ্রীয় মন্ত্রকের নীতিতে‘প্রাইস বিড’ বা দর নিলামের বিজ্ঞপ্তি জারি করেছে ৩০ জানুয়ারি। নিলামে অংশ নেওয়া একমাত্র বেসরকারি হাসপাতালকে দেওয়া হচ্ছে দায়িত্ব। গোড়া থেকে প্রতিবাদে শামিল বন্দর শ্রমিকরা।
মঙ্গলবার সিআইটিইউ অনুমোদিত ক্যালকাটা পোর্ট অ্যান্ড শোর মজদুর ইউনিয়নের সম্পাদক সমর মণ্ডল জানান যে আগাম জানান দিয়ে হাসপাতালের সামনে ধর্না মঞ্চ বাঁধার কাজ চলছিল। ২৬ ফেব্রুয়ারি থেকে অবস্থান শুরু হবে। কিন্তু কলকাতা পুলিশ মঞ্চ খুলে নিতে বাধ্য করেছে। 
মন্ডল বলছেন, “স্থানীয় থানার এক পুলিশ কর্মী জানান যে মঞ্চ খুলে নিতে হবে। বন্দর কর্তৃপক্ষ আপত্তি জানিয়েছে।” তিনি বলেন, “অবস্থান হবে। পিপিপি মডেল চালু করার নামে ঘুরপথে বেসরকারিকরণ হচ্ছে। কর্মরত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা কাজ হারাবেন। চিকিৎসার জন্য এই হাসপাতালের ওপর নির্ভরশীল প্রায় ২০ হাজার শ্রমিক কর্মচারী। তার মধ্যে অবসরপ্রাপ্ত কর্মী, তাঁদের পরিবার রয়েছে। বিপন্ন হবে এই বিরাট অংশ।”
মন্ডল বলছেন, “বন্দর কর্তৃপক্ষ এবং পুলিশ মঞ্চ খুলে নিলেও বৃষ্টি মাথায় করে খোলা আকাশের নিচে চলবে অবস্থান।”

Comments :0

Login to leave a comment