Iran USA

লেবাননে হামলা বন্ধ না করলে আলোচনায় নারাজ ইরান

আন্তর্জাতিক

লেবাননে একদিনে নিহত ৩০৩। আর্তনাদ পরিজনদের।

ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছাচ্ছেন আমেরিকার উপরাষ্ট্রপতি জে ডি ভ্যান্স। 
যুদ্ধবিরতি সমঝোতা হলেও ইরান আপত্তি তুলেছে লেবাননে লাগাতার হামলায়। কারণ ইরানের অন্যতম শর্ত মধ্য প্রাচ্যে আমেরিকা এবং ইজরায়েলকে অশান্তি তৈরির চেষ্টা বন্ধ করতে হবে।  
ইরানের জাতীয় আইনসভার অধ্যক্ষ মহম্মদ বাকের গালিবাফ বলেছেন লেবাননে ইজরায়েলের হামলা বন্ধ না হলে কোনও আলোচনা সফল হতে পারে না। ইরানের বাজেয়াপ্ত সম্পত্তিও ফেরাতে হবে। এই মর্মে বোঝাপড়ার ভিত্তিতেই যুদ্ধবিরতি হয়েছিল।
শুক্রবারও লেবাননে বোমা ফেলেছে ইজরায়েল। রাজধানী বেইরুটে ইজরায়েলের হামলায় বিধ্বস্ত হয়েছে বহু এলাকা। একদিনে নিহত হয়েছেন ৩০৩ জন নাগরিক। ঘরছাড়া বহু। 
ইরানকে দু’সপ্তাহের মধ্যে গুঁড়িয়ে দেওয়ার ভাষণ দিয়ে যুদ্ধে নেমেছিলেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সঙ্গী ইজরায়েল। কিন্তু ইরানের প্রতিরোধে ইজরায়েলের বাসিন্দাদের ঘনঘন নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে হয়েছে। মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশে আমেরিকার সেনা ঘাঁটিতেও হানা দিয়েছে ইরান। আমেরিকা এবং ইজরায়েলকে ঘিরে ক্ষোভ দেখা গিয়েছে মধ্য প্রাচ্যের দেশে দেশে। পালটা মারের ঠেলায় যুদ্ধবিরতির রাস্তা খুঁজতে হয়েছে ট্রাম্পকেই। 
এদিকে শুক্রবার ভারতের বিদেশ মন্ত্রক লেবাননে ভয়ঙ্কর আক্রমণে কেনল ‘উদ্বেগ’ জানিয়েছে। সাধারণ নাগরিকদের মৃত্যুতেও ইজরায়েলের হামলাকে নিন্দা করার সাহস দেখাতে পারেনি। এমনকি এদিন বিবৃতিতে ইজরায়েলের নাম পর্যন্ত উল্লেখ করেনি ভারতের বিদেশ মন্ত্রক।

Comments :0

Login to leave a comment