Protests In Jateswar

স্মার্ট মিটার, গরুর হাট, সহ জনবিরোধী নীতির বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ জটেশ্বরে

জেলা

দীর্ঘদিনের ঐতিহ্যবাহী জটেশ্বরের গরুর হাট অবিলম্বে পুনরায় চালু করা, ভোটার তালিকায় জালিয়াতি বন্ধ করা, বিতর্কিত স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত বাতিল এবং হকারদের অপরিকল্পিত উচ্ছেদ বন্ধের দাবিতে আজ ফালাকাটা ব্লকের জটেশ্বরে এক বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এদিন এলাকা উত্তাল হয়ে ওঠে।
মঙ্গলবার ফালাকাটা ব্লকের জটেশ্বর এরিয়া অফিস থেকে মিছিলটি শুরু হয়ে পুরো বাজার পরিক্রমা করে। মিছিলে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড হাতে সরকারের জনবিরোধী নীতি ও চরম উদাসীনতার বিরুদ্ধে তীব্র স্লোগান দেন। 
এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন সিপিআই(এম) জেলা কমিটির সদস্য দীনবন্ধু বর্মন, সুনীল রায় এবং কমলকিশোর রায়। জটেশ্বরের গ্রামীণ অর্থনীতির প্রাণশক্তি হলো এই ঐতিহাসিক গরুর হাট। প্রশাসনিক অবহেলা ও ভুল সিদ্ধান্তের কারণে হাটটি বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা আজ পথে বসার উপক্রম। অবিলম্বে আইনি জট কাটিয়ে হাট চালুর দাবি তোলেন তাঁরা।
পাশাপাশি, ভোটার তালিকা থেকে কৌশলে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানান নেতৃত্ব। তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, গণতন্ত্রের স্বার্থে প্রতিটি বৈধ ভোটারের নাম তালিকাভুক্ত করতে হবে। এছাড়া, সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া 'স্মার্ট মিটার' প্রকল্প অবিলম্বে বাতিল করতে হবে। পুনর্বাসন ছাড়া কোনোভাবেই হকারদের উচ্ছেদ করা চলবে না বলেও এদিন কঠোর অবস্থান নেওয়া হয়।
সিপিআই(এম) আলিপুরদুয়ার জেলা কমিটির সদস্য সুনীল রায় বলেন, শাসকদলের একের পর এক গণবিরোধী নীতির বিরুদ্ধে মানুষ আজ রুখে দাঁড়াচ্ছে। জটেশ্বরের সাধারণ মানুষের এই লড়াই কেবলমাত্র সাময়িক প্রতিবাদ নয়, বরং অধিকার প্রতিষ্ঠার সংকল্প। দাবি পূরণ না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলনের পথে হাঁটার ঘোষণা দেওয়া হয়েছে আজকের মিছিল থেকে।

Comments :0

Login to leave a comment