ট্রাইবুনাল অনুমতি দিলে নির্বাচনের দু‘দিন আগে ভোটার তালিকায় উঠবে নাম। ২১ এবং ২৭ এপ্রিল ভোটার তালিকায় সেই নাম যুক্ত করতে হবে নির্বাচন কমিশনকে। প্রকাশ করতে হবে তালিকা।
বৃহস্পতিবার শীর্ষ আদালতের তরফে জানানো হয়, ভোটগ্রহণের দু‘দিন আগে অর্থাৎ ২৩ এপ্রিল যে সমস্ত অঞ্চলে ভোট সেখানে ২১ এপ্রিল এবং ২৯ এপ্রিল যে সমস্ত অঞ্চলে ভোট সেখানে ২৭ তারিখের মধ্যে ট্রাইবুনালে অনুমতি পাওয়া ভোটারদের নামের তালিকা প্রকাশ করতে হবে।
তবে ভোটের আগে যাদের আবেদনের নিষ্পত্তি ট্রাইবুনালে হবে না তাঁরা এবার ভোট দিতে পারবেন না। ট্রাইবুনালে আবেদনকারী সকলকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে এই মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে।
পশ্চিমবঙ্গে এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই মামলাতেই কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টে জানিয়েছে যে ৩৪ লক্ষ আবেদন জমা পড়েছে ১৮টি ট্রাইবুনালে। সুপ্রিম কোর্টের নির্দেশেই ভোটাধিকার বিবেচনার জন্য ট্রাইবুনাল গড়া হয়েছে এ রাজ্যে। নির্বাচন কমিশন দফায় দফায় মোট ৯১ লক্ষ নাম বাদ দিয়েছে। তার মধ্যে বিবেচনাধীনের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল ২৭ লক্ষ নাম। ‘লজিক্যাল ডিসক্রেপান্সি’ চালু করে এই নাম ‘বিবেচনাধীন’ করা হয়েছিল।
ভারতীয় সংবিধানের ১৪২ নম্বর ধারা অনুযায়ী আইনের সীমাবদ্ধতা দেখা গেলে বিশেষ পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট সম্পূর্ণ ন্যায়বিচারের জন্য বিশেষ নির্দেশ দিতে পারে। সেই ধারাকে প্রয়োগ করে ভোটার তালিকায় এই সংশোধনের নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং দুই বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিপুল পাঞ্চোলির বেঞ্চ।
এর আগে, এই ধারা প্রয়োগ করেই ভোটার তালিকা তৈরিতে বিচারপতিদের নিয়োগ করেছিল সুপ্রিম কোর্ট।
পাশাপাশি, ১৫ই মার্চের নির্বাচন ঘোষণার পর পশ্চিমবঙ্গ ও অন্যান্য রাজ্যে নির্বাচন কমিশনের বহু আইএএস এবং আইপিএস কর্মকর্তাদের বদলিকে চ্যালেঞ্জ করে জকানানো আবেদন এদিন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বেঞ্চ জানায় হাইকোর্টের আদেশে হস্তক্ষেপ করবে না। এই বদলি নিয়মমাফিক আখ্যা দেয় সুপ্রিম কোর্ট। এই আবেদন হাইকোর্ট খারিজ করেছিল আগেই।
এর আগে নির্বাচন কমিশন এই মামলায় সুপ্রিম কোর্টে জানায় যে ভোটার তালিকা ‘ফ্রিজ‘ করা হয়েছে। প্রথম দফার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল ৬ এপ্রিল। নিয়ম অনুযায়ী মনোনয়ন জমা শেষ হওয়ার দিন তালিকা ফ্রিজ করে কমিশন।
ঘটনা হলো সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ভোট গ্রহণের দু’দিন আগে জানা যাবে চূড়ান্ত ভোটার তালিকা। কিন্তু এর আগে ৬ এপ্রিল তালিকা ‘ফ্রিজ‘ করার কথা থাকলেও কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। কারণ ৯ এপ্রিলও তালিকার প্রতিলিপি হাতে না পাওয়ার অভিযোগ সিইও দপ্তরে গিয়ে জানায় সিপিআই(এম)।
SIR TRIBUNAL SC
ট্রাইবুনাল রায় দিলে উঠবে নাম, ভোটের দু’দিন আগে বেরবে তালিকা
×
Comments :0