cpim delhi

কেবল সংখ্যালঘু নয়, হিমন্ত বিশ্বের হামলা সংবিধানে, দিল্লির বিক্ষোভে বৃন্দা কারাত

জাতীয়

লাগাতার বিদ্বেষ এবং ঘৃণা প্রচার করছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সংখ্যালঘু হত্যার উসকানি দিচ্ছেন। প্রতিবাদে মঙ্গলবার সিপিআই(এম) দিল্লি রাজ্য কমিটির পক্ষ থেকে যন্তরমন্তরে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে গুলি ছুঁড়ছেন এমন ভিডিও সম্প্রতি প্রচার করা হয়েছে খোদ বিজেপির সোশ্যাল মিডিয়া থেকে।
এদিনের প্রতিবাদ কর্মসূচিতে ছিলেন প্রবীণ সিপিআই(এম) নেত্রী বৃন্দা কারাত, পলিট ব্যুরো সদস্য নীলোৎপল বসু, মারিয়াম ধাওয়ালে, কেন্দ্রীয় কমিটির সদস্য কনীনিকা ঘোষ সহ নেতৃবৃন্দ। 
বিক্ষোভে বক্তব্য রাখতে গিয়ে বৃন্দা কারাত বলেন, "এই গুলি চালানোর ঘটনা কেবল সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ নয় বরং ভারতের সংবিধানের উপর আঘাত। সাংবিধানিক পদে অধিষ্ঠিত একজন ব্যক্তির দ্বারা এই ধরনের প্রকাশ্যে হিংসা এবং সাম্প্রদায়িক ঘৃণা প্রদর্শন দেশের গণতান্ত্রিক কাঠামো এবং ধর্মনিরপেক্ষতার জন্য ভয়ঙ্কর বিপদ।" 


বৃন্দা কারাত বলেছেন, ‘‘সুপ্রিম কোর্ট বিষয়টি স্বতঃপ্রণোদিতভাবে বিবেচনা করুক, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হোক এবং অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়া হোক।’’
বিক্ষোভে কর্মসূচিতে সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য নীলোৎপল বসু বলেন, "ঘৃণা ও বিদ্বেষ প্রচারকারী একজন ব্যক্তির মুখ্যমন্ত্রী হিসেবে থাকার কোনও নৈতিক অধিকার থাকে না।" তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে হিমন্ত বিশ্ব শর্মার অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়েছেন। এদিনের বিক্ষোভে বক্তব্য রাখেন পলিট ব্যুরোর সদস্য মরিয়ম ধাওয়ালেও।
নেতৃবৃন্দ জানিয়েছে যে বিজেপি শাসিত রাজ্য গুলিতে সাম্প্রদায়িক উস্কানি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এর বিরুদ্ধে সিপিই(এম) সংবিধান, গণতন্ত্র এবং দেশের ধর্মনিরপেক্ষ ঐক্য রক্ষার জন্য লড়াই সংগ্রাম চালিয়ে যাবে।
উল্লেখ্য, হিমন্ত বিশ্বের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছে সিপিআই(এম) এবং সিপিআই।

Comments :0

Login to leave a comment