মাত্র ১ হাজার টাকা বৃদ্ধি প্রত্যাখ্যান, বেতনের সঙ্গত বৃদ্ধির দাবিতে আবারও বিকাশভবন অভিযান করলেন পার্শ্ব-শিক্ষক সহ বিভিন্ন শিক্ষাকর্মীরা।
মঙ্গলবার বেলা ১২ নাগাদ সল্টলেকের পিএনবি মোড় থেকে মিছিল করে বিকাশভবনের দিকে রওনা হন তাঁরা। তবে বিকাশভবন পৌঁছানোর কিছু আগেই পুলিশ ব্যারিকেড করে তাঁদের আটকানোর চেষ্টা করে। প্রবল প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। রাস্তায় বসে পড়েই বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।
বহুদিন ধরেই বেতনবৃদ্ধির দাবি জানিয়ে আসছে পার্শ্ব-শিক্ষক, শিক্ষাকর্মী সহ শিক্ষার সঙ্গে যুক্ত সংগঠনগুলির মঞ্চ সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চ। মঞ্চ জানিয়েছে যে সঙ্গত বেতন বৃদ্ধির ফাইলও গিয়েছে নবান্নে। সেই ফাইল চেপে রেখেছে সরকার। বাজেটে নামমাত্র ১ হাজার টাকা বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করেছে রাজ্য। এই সামান্য বৃদ্ধির সিদ্ধান্তকে প্রত্যাখ্যান জানিয়ে এবং সরকারি নিয়ম মেনে সঙ্গতবেতন বৃদ্ধির দাবি জানাতেই বিকাশভবন অভিযান করে পার্শ্ব শিক্ষক-শিক্ষিকা, এসএসকে -এমএসকে শিক্ষক শিক্ষিকা, শিক্ষা বন্ধু, সর্বশিক্ষা কর্মী সহ ১১ টি সংগঠনের যৌথ মঞ্চ ‘সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চ’।
এদিনের মিছিল এবং বিক্ষোভ দেখানোর সময় সরকারের বিরুদ্ধে ধিক্কার জানানো সহ চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণ করারও দাবি জানান আন্দোলনকারীর।
প্রাথমিকের পার্শ্ব শিক্ষকরা বেতন পাচ্ছেন ১০ হাজার টাকা, উচ্চপ্রাথমিকের পার্শ্ব শিক্ষকরা ১৪ হাজার এবং অন্যান্য শিক্ষাকর্মীরা পান মাসে মাত্র ৮হাজার টাকা বেতন। গত ৫ ফেব্রুয়ারি রাজ্য বাজেটে মাত্র ১০০০ টাকা করে বৃদ্ধির কথা ঘোষণা করা হয়। এই নামমাত্র বেতনে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে, জানান তাঁরা।
এদিন 'সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চ' দাবি জানিয়ে ডেপুটেশনও জমা দিয়েছে।
Comments :0