মধুসূদন চ্যাটার্জি
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁর ১৫ বছরের সময়কালে একবারও বাঁকুড়ার জঙ্গলমহল রানীবাঁধে না এসে ঘোষনা করে দিয়েছিলেন জঙ্গলমহল হাসছে। না হাসেনি জঙ্গলমহল। বর্তমান সরকারের বয়স ৫মাস হতে চলল, কিন্তু জঙ্গলমহলের জন্য একটি কথাও ঘোষনা করা হয়নি। জঙ্গলমহলের মানুষ আক্ষরিক অর্থেই দরিদ্রতার অতল গহ্বরে তলিয়ে যাচ্ছেন। আগের সরকার হাসি দেখেছিল, এখনকার সরকার দেখছে কেন হিন্দু কে মুসলিম। চলছে জাত নিয়ে খেলা। জঙ্গলমহলের বেশিরভাগ মানুষ আদিবাসী ও তপসীলিজাতি ভুক্ত। তাঁদের নিয়ে বিজেপি সরকারের কী পরিকল্পনা? জানেনা জঙ্গলমহল। কাজ শূন্যতায় ভুগছে রানীবাঁধের জঙ্গলমহলের লক্ষ্যাধীক মানুষ। কাজ চাই, চাই বন্ধ স্কুলের দরজা খুলুক। স্কুলগুলোতে আবার ছাত্রছাত্রীদের কলরব মুখরিত হয়ে উঠুক। এটাই জঙ্গলমহল রানীবাঁধের চাহিদা, দাবী। সারা রানীবাঁধের মানুষের যন্ত্রনা, দাবীর এক প্রতিফলন ঘটল বুধবার রাজাকাটা অঞ্চলে। ৮টি গ্রামপঞ্চায়েতেই সিপিআই(এম)-র পক্ষ থেকে এই দাবিগুলো নিয়ে অচিরেই ডেপুটেশন দেওয়া হবে। বুধবার শুরু হল রাজাকাটা অঞ্চল দিয়ে। এদিন মিছিল ও ডেপুটেশন আটকাতে বিজেপি’র কিছু অতি উৎসাহী কর্মী বিভিন্ন গ্রামে কৌশলে হুমকি দিয়েছিল যে মিছিল যেখান থেকে করা হবে সেই বিক্রমডিহি গ্রামে তারাও হাজির হবে। লালঝান্ডা কি করে মিছিল করে তারা দেখে নেবে। এই বার্তা রাজাকাটা অঞ্চলের গ্রামগুলিতে নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে। গরীব আদিবাসী খেতমজুর, প্রান্তিক কৃষক, কাজ না পাওয়া যুবক, যুবতিরাও প্রস্তুতি নেয়। তারাও জানায় এসো বিক্রমডিহিতে শোনাবো আমাদের কথা। মানুষের চাহিদার কথা। দেখবে তোমাদের একদিন- প্রতিদিনের জীবনের যন্ত্রনার সঙ্গেও মিল পাবে। আর ঝামেলা করতে হলে কাউকে ছাড়া হবেনা। লালঝান্ডার কর্মীরাও ঝান্ডাটাকে ভাল করে তুলে ধরে নিয়ে যাওয়ার জন্য মোটা বাঁশ কাটে গ্রামের বাঁশঝাড় থেকে। না, একজন বিজেপি মস্তানকেও ধারে কাছে এদিন দেখা যায়নি। বিক্রমডিহি প্রাথমিক স্কুল সংলগ্ন এলাকা থেকে বিকালে শুরু হয় মিছিল। সহস্রাধীক মানুষ এদিন মিছিলে অংশ নিলেন। তাঁদের মধ্যে মহিলাই বেশি। মিছিল করে পুরো গ্রাম ঘোরা হয়।
মিছিল করে এই মানুষজন রাজাকাটা গ্রামপঞ্চায়েত অফিসের সামনে অবস্থান করেন। মহিলারা জানান, কোথাও কোন কাজ নেই। ১২৫দিনের কাজ নেই। বন্ধ ল্যামপস, বাবুই চাষ বন্ধ। বহু মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাননি। স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কেন এসব হচ্ছে, সরকার, পঞ্চায়েত কোথায়? এসব জানতেই,কাজ, আবাসনের বাড়ি, শিক্ষা , গ্রামীন রাস্তা এসবের দাবিতেই এদিন তাঁরা মিছিল করে ডেপুটেশন দিচ্ছেন। এদিন অবস্থানে বক্তব্য রাখেন সিপিআই(এম) নেতা নীলাঞ্জন দাশগুপ্ত, পার্টির রানীবাঁধ এরিয়া সম্পাদক লক্ষী টুডু, মধুসূদন মাহাতো, প্রবীন নেতা রোহিনী মাহাতো, লব মন্ডল, বাপ্পাদিত্য মাহাতো। এদিন মনি মাহাতো, যুগল কিশোর মাহাতো সহ চারজন প্রতিনিধি ডেপুটেশনে যান।
Comments :0