সিউড়ি বিধানসভার কাঁখুড়িয়া গ্রামে উত্তেজনা। তড়িঘড়ি কবরস্থানের পাঁচিল ও নির্মাণকাজ চলার সময় কবরস্থ দেহের হাড়গোড় বেরিয়ে পড়ে। যাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে গ্রামবাসীদের খণ্ডযুদ্ধ বেধে যায়। গ্রামবাসীদের ছোড়া ইটের আঘাতে রক্তাক্ত হলেন খোদ সিউড়ি থানার আইসি শৈলেন্দ্র উপাধ্যায়। আই সিকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে সিউড়ি সদর হাসপাতালে। তাঁর কান, নাক রক্তাক্ত হয়েছেম ভাঙচুর চালানো হয়েছে পুলিশের গাড়িতেও। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় নামানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। গ্রামসূত্রে জানা গেছে, জনৈক ঠিকাদার কবরস্থানে কাজ করতে গিয়ে মাটি খোঁড়ার সময় হাড়গোড় বেরিয়ে মাটির উপরে চলে আসে। যা চূড়ান্ত ক্ষোভের সৃষ্টি করে গ্রামে। ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। দাবানলের মত ছড়িয়ে পড়ে ক্ষোভ। উত্তেজিত জনতা নির্মাণকারী সংস্থার এক কর্মীকে ধরে আটকে রেখে মারধর শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে সিউড়ি থানার আইসি-র নেতৃত্বে পুলিশ পৌঁছলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। গ্রামবাসীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি ইটবৃষ্টি শুরু করে। পুলিশকে লক্ষ্য করে কার্যত বৃষ্টির মতো ইট পড়তে থাকে, যার জেরে আইসি শৈলেন্দ্র উপাধ্যায় মাথা ফেটে রক্তাক্ত হন। আরও বেশ কয়েকজন পুলিশকর্মী জখম হয়েছেন বলে খবর। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় সিউড়ি থেকে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গ্রামে পৌঁছয়। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এলাকায় রুট মার্চ শুরু করে পুলিশ। বর্তমানে পুরো এলাকা পুলিশি পাহারায় রয়েছে। গোটা গ্রামে ব্যাপক উত্তেজনা রয়েছে। পাশাপাশি প্রশ্ন উঠছে, নির্বাচনের আবহে কার ইঙ্গিতে, কোন উদ্দেশ্যে রাতের অন্ধকারে চূড়ান্ত তৎপরতায় নির্মানসংস্থাকে কাজে নামানো হয়েছিল?
Siuri
ঠিকাদার মাটি খুঁড়তেই বেরিয়ে এল হাড়গোড়, মানুষের ক্ষোভে অগ্নিগর্ভ সিউড়ির কাঁখুড়িয়া
×
Comments :0