Voter List SC

ভোটার তালিকা ‘ফ্রিজ’-র সময়সীমা বাড়ানোর আবেদন বিবেচনা করবে সুপ্রিম কোর্ট

জাতীয় রাজ্য

রাজ্যের ভোটার তালিকা ‘ফ্রিজ’ করার সময়সীমা বিবেচনা করবে সুপ্রিম কোর্ট। আগামী ১৩ এপ্রিল পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত শুনানিতে বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ।
বেঞ্চে রয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিপুল পাঞ্চোলি। 
সুপ্রিম কোর্টের নির্দেশেই বিচারবিভাগীয় ১৯টি ট্রাইবুনাল বাদ পড়া নামের আবেদন বিচার করছে। এদিন শুনানিতে এক আইনজীবী বলেন যে কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ট্রাইবুনাল দু’টি আবেদন মঞ্জুর করেছে। বিবেচনাধীন নাম বিবেচনার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিচারপতিদের সিদ্ধান্তকে বাতিল করেছে। 
ওই আইনজীবী শুক্রবারের শুনানিতে বলেন যে তালিকা ‘ফ্রিজ’ হয়ে যাওয়ায় এই নাম আর নেওয়া হচ্ছে না। ফলে বৈধ ভোটদাতা হয়েও এই আবেদনকারীরা ভোটাধিকার পাচ্ছেন না। এমন একাধিক আবেদনের ক্ষেত্রে এই ঘটনা রয়েছে। 
নির্বাচন কমিশন আদালতে জানায় যে ৯ এপ্রিল তালিকা ফ্রিজ করা হয়েছে। এর পর কোনও নাম আর বিবেচনা করা হবে না।
ভোটার তালিকা ফ্রিজ হয়ে গেলে আর কোনও নতুন নাম অন্তর্ভুক্ত হয় না। এর আগে জানা গিয়েছিল প্রথম দফার মনোনয়ন জমার শেষ দিন ৬ এপ্রিল। 
বৃহস্পতিবারই পশ্চিমবঙ্গের সিইও দপ্তরে গিয়ে নির্দিষ্ট ভোটার তালিকা, যার ভিত্তিতে ভোট হবে, তা প্রকাশ করার দাবি জানিয়ে এসেছে সিপিআই(এম) প্রতিনিধিদল। 
ভোটার তালিকা ‘ফ্রিজ’ করার সময়সীমা সংক্রান্ত আবেদনে বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, ‘‘নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকা তৈরির একটি সময়সীমা থাকে। আবার ভোটার তালিকা নাম থাকা এবং ভোট দেওয়ার সাংবিধানিক অধিকারের বিষয়টিও রয়েছে। সাংবিধানিক অধিকার আরও বড় বিষয়।’’ ‘‘ তিনি বলেন, ‘‘আগামী ১৩ এপ্রিলের শুনানিতে বিষয়টি দেখা হবে। প্রয়োজন অনুযায়ী নির্দেশও দেওয়া হবে।’’

Comments :0

Login to leave a comment