Transfer suspended for now

পুলিশের পাঁচ আধিকারিকের বদলি আপাতত স্থগিত

জাতীয় রাজ্য

পাঁচ আইপিএস-কে বদলির সিদ্ধান্ত স্থগিত রাখল নির্বাচন কমিশন। সংবাদ সংস্থা জানাচ্ছে, এই পাঁচ পুলিশ আধিকিরককে বদলি করা হবে কিনা তা ফের খতিয়ে দেখবে কমিশন। 
রাজ্যের এই পাঁচ আইপিএস আধিকারিককে পুলিশ পর্যবেক্ষক হিসেবে আগেই অন্যান্য রাজ্যে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। বৃহস্পতিবার সেই সিদ্ধান্তকেই স্থগিত রাখা হয়েছে।  
গত বুধবার নির্বাচন কমিশন একটি নির্দেশিকা জারি করে ওই ১৫ আইপিএস অফিসারের বদলির ঘোষণা করে। ওই ১৫ জন আইপিএস অফিসারের মধ্যে বিধাননগরের পুলিশ কমিশনার মুরালিধর শর্মা এবং শিলিগুড়ির পুলিশ কমিশনার ওয়াকার রেজাও রয়েছেন। যাঁদের নির্বাচনের পর্যবেক্ষক হিসাবে রাজ্যের বাইরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 
তবে, চব্বিশ ঘণ্টার মধ্যেই তাঁদের মধ্যে পাঁচজনের বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছে কমিশন। জানা গিয়েছে কমিশন সূত্রে জানা গিয়েছে শর্মা এবং রেজা সহ যাদের ক্ষেত্রে বদলির নির্দেশ পুনর্বিবেচনা করা হবে তাঁরা হলেন আমন দীপ, আকাশ মাঘারিয়া এবং প্রবীণ কুমার ত্রিপাঠি। 
নয়াদিল্লি থেকে নির্বাচন কমিশনের জারি করা আগের নির্দেশিকা অনুযায়ী, শর্মা এবং রেজাকে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের পর্যবেক্ষক হিসাবে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।  
তালিকায় ছিলেন অলোক রাজোরিয়া, ইন্দিরা মুখার্জি, ধৃতিমান সরকার, সি সুধাকর, অভিজিৎ ব্যানার্জি, ভাস্কর মুখার্জি, রশিদ মুনির খান এবং প্রিয়ব্রত রায়ও।
কমিশনের একটি সূত্র সংবাদসংস্থাকে জানিয়েছে যে বাকি ১০ আধিকারিক নির্ধারিত সময়সূচী অনুযায়ী পুলিশ পর্যবেক্ষক হিসেবে তাঁদের দায়িত্ব পালনের জন্য অন্যান্য রাজ্যে যাবেন।
নির্বাচন কমিশনের ওই আধিকারিক জানিয়েছেন যে পাঁচ পুলিশ আধিকারিকের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হচ্ছে তাঁদের এখনই কোথাও পাঠানো হচ্ছে না।

Comments :0

Login to leave a comment