Trump Modi

দ্রুত ফিরুক শান্তি, ট্রাম্পের ফোনের পর বললেন মোদী

জাতীয়

সংঘাতের অবসান এবং হরমুজ প্রণালি স্বাভাবিক করার বিষয় নিয়ে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। 
মঙ্গলবার ‘এক্স‘-এ পোস্ট করে একথা জানালেন মোদী নিজেই। তিনি লিখেছেন, ‘‘রাষ্ট্রপতি ট্রাম্প ফোন করেছিলেন। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে কার্যকর দরকারি মতবিনিময় হয়েছে।’’
যেন ইরান যুদ্ধ চেয়েছিল। এখন শান্তির জন্য বিভিন্ন দেশের সঙ্গে কথা চালাচ্ছেন ট্রাম্প!
বুক ফুলিয়ে নামার পর পালটা মার লুকাতে এমন ধারণা তৈরি করছেন আমেরিকার রাষ্ট্রপতি। তাতে সঙ্গত দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী।
মোদী লিখেছেন, ‘‘ভারত সংঘাতের অবসান এবং শান্তি ফিরিয়ে আনার পক্ষে। যত তাড়াতাড়ি সম্ভব তা করা দরকার। হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত স্বাভাবিক করতে হবে। বিশ্বে সবার জন্য এই প্রণালিকে সুরক্ষিত করতে হবে। শান্তি এবং সুস্থিতির পক্ষে উদ্যোগে শামিল হবে ভারত।’’ 
এদিন রাজ্যসভায় মোদী দাবি করেছেন যে পরিস্থিতি মোকাবিলা করার মতো পর্যাপ্ত পেট্রোলিয়ম ভারতের সঞ্চয়ে আছে। সোমবার লোকসভার ভাষণে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর আক্রমণের নিন্দা করেছিলেন তিনি। 
ইরানে আক্রমণ চাপিয়ে দিয়েছে আমেরিকা এবং ইজরায়েল। তার নিন্দা করেনি ভারত, কেবল উদ্বেগ জানিয়ে দায় সেরেছে। কিন্তু ইরানের প্রতি আক্রমণে বিশ্বে তো বটেই দেশের মধ্যেও প্রশ্নের মুখে পড়েছেন ট্রাম্প। 
ইরানের প্রত্যাঘাতের ধাক্কায় সোমবার জ্বালানি পরিকাঠামোর ওপর হামলায় পাঁচ দিনের বিরতি ঘোষণা করেন ট্রাম্প। তিনি জানিয়েছিলেন যে ‘ইরানের সদর্থক সাড়া পেয়েই‘ এই সিদ্ধান্ত। তবে ইরান বিশদ আলোচনা বা ‘সাড়া‘ দেওয়ার দাবিকে অস্বীকার করেছে।
ভারতে আমেরিকার রাষ্ট্রদূত সার্জিও গোর একটি টুইটে লিখেছেন, ‘‘ভারত সংঘাতের অবসান এবং শান্তি ফিরিয়ে আনার পক্ষে। হরমুজ প্রণালিকে খোলা রাখার পক্ষে।’’
এদিকে পাকিস্তান ইরান-আমেরিকা শান্তি সমঝোতার পক্ষে ভূমিকা নেওয়ার আগ্রহ জানিয়েছেন মঙ্গলবারই। পাকিস্তানের বিদেশমন্ত্রক জানিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চালাবে। বলা হয়েছে পাকিস্তানের সেনাপ্রধান রবিবার এই বিষয়েই ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন।
আমেরিকা-ইজরায়েলের হামলায় ক্ষয়ক্ষতির মাত্রা জানিয়েছে রেড ক্রেসেন্ট। অন্তত ৬২ হাজার বসতবাড়ি ভেঙে দিয়েছে। ২৮১টি স্বাস্থ্যকেন্দ্র এবং হাসপাতাল ক্ষতিগ্রস্ত। ৪৯৮টি স্কুল গুঁড়িয়ে গিয়েছে। শান্তির জন্য শর্ত হিসেবে এই ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দাবি করেছে ইরান।

Comments :0

Login to leave a comment