ইনকিলাব সমাবেশ হবে রাস্তায়। ২০ সেপ্টেম্বর বেলা ১টায় ধর্মতলায় এই সমাবেশ করবে ডিওয়াইএফআই। গণতন্ত্র বাঁচাও, সংবিধান বাঁচাও, শিক্ষা বাঁচাও, স্থায়ী কাজের ব্যবস্থা করো, এই দাবিতেই হবে সমাবেশ। সমাবেশে রাজ্যের সকল অংশের মানুষকে যোগদান করার আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ। শুক্রবার দীনেশ মজুমদার ভবনে সাংবাদিক সম্মেলনে এই আহ্বান জানিয়েছেন তারা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা, রাজ্য সভাপতি অয়নাংশু সরকার, ডিওয়াইএফআই কেন্দ্রীয় কমিটির সদস্য সপ্তর্ষি দেব, রাজ্য সম্পাদক মন্ডলী সদস্য দেবজ্যোতি চক্রবর্তী, শ্রীজীব গোস্বামী সহ নেতৃবৃন্দ।
নওজোয়ান ভারত সভার শতবর্ষ উদযাপন করছে ডিওয়াইএফআই। গত বছর বর্ধমানে মিছিল করে এই উদযাপনের শুরু হয়েছিল। তারই পরিসমাপ্তি হিসাবে এই সমাবেশ করা হচ্ছে। এই সভায় বক্তব্য রাখবেন ডিওয়াইএফআই প্রাক্তন সাধারণ সম্পাদক মহম্মদ সেলিম, প্রাক্তন ডিওয়াইএফআই নেতা আভাস রায়চৌধুরী, মীনাক্ষী মুখার্জি। ডিওয়াইএফআই সাধারণ সম্পাদক হিমগ্নরাজ ভট্টাচার্য।
Comments :0