রাজ্যসভায় দলের উপনেতার পদ থেকে সরিয়ে দেওয়ার ঠিক একদিন পরেই দলের বিরুদ্ধে একটি ভিডিও পোস্ট করেছিলেন রাঘব চড্ডা। আর শুক্রবার সেই ভিডিওর পরই রাঘব চাড্ডার বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাল আম আদমি পার্টি (আপ)। আপ নেতা অনুরাগ ধান্ডা সরাসরি অভিযোগ করেছেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলতে ক্রমশ অনীহা প্রকাশ করছেন রাঘব।
অনুরাগ ধান্ডা বলেন, ‘বিগত কয়েক বছর ধরে তুমি ভয় পাচ্ছ, রাঘব। তুমি মোদীর বিরুদ্ধে কথা বলতে ভয় পাচ্ছ। দেশের মূল সমস্যাগুলো তুলে ধরতেও তুমি ভয় পাচ্ছ।’
আম আদমি পার্টি সবসময় নির্ভীকতার পক্ষে দাঁড়িয়েছে উল্লেখ করে ধান্ডা গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে রাঘবের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘আমরা অরবিন্দ কেজরিওয়ালের সৈনিক। নির্ভীকতাই আমাদের প্রধান পরিচয়। কেউ যদি নরেন্দ্র মোদীকে ভয় পান, তবে তিনি দেশের হয়ে লড়বেন কীভাবে?’
সংসদে রাঘব চড্ডার ভূমিকা নিয়েও কড়া সমালোচনা করেন তিনি। ধান্ডা বলেন, সংসদে কথা বলার জন্য দল খুব সীমিত সময় পায় এবং সেই সময়টুকু গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়গুলো তুলে ধরার কাজে ব্যবহার করা উচিত। কটাক্ষ করে তিনি বলেন, ‘সেই সীমিত সময়ে আমরা হয় দেশ বাঁচানোর লড়াই করতে পারি, নয়তো বিমানবন্দরের ক্যান্টিনে সিঙাড়ার দাম কমানোর বিষয়ে কথা বলতে পারি।’
সাম্প্রতিক ঘটনাবলির কথা উল্লেখ করে ধান্ডা অভিযোগ করেন যে, গুজরাটে আপ কর্মীদের গ্রেপ্তার করা হলেও রাঘব চড্ডা সংসদে এই বিষয়টি উত্থাপন করেননি। এছাড়া, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা প্রস্তাবেও তিনি সই করতে অস্বীকার করেন। ধান্ডা আরও যোগ করেন, ‘দল যখন এর প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করেছিল, তখন মোদীর কাছে নিজের হাজিরা প্রমাণ করতে তিনি নিজের আসনেই বসেছিলেন।’
অনুরাগ ধান্ডার এই কড়া আক্রমণের কিছুক্ষণ আগেই এক্স হ্যান্ডেলে একটি ভিডিও বার্তা পোস্ট করেছিলেন আপ সাংসদ রাঘব চড্ডা। সেখানে তিনি দাবি করেন যে, তার নিজের দলই তার কণ্ঠরোধ করেছে, কিন্তু তিনি এখনও পরাজিত হননি।
রাঘব সেই ভিডিওতে বলেন, ‘যখনই আমি সুযোগ পাই, সংসদে মানুষের সমস্যাগুলো তুলে ধরি, এমনকি যে বিষয়গুলো প্রায়শই এড়িয়ে যাওয়া হয় সেগুলোও উত্থাপন করি। কিন্তু মানুষের সমস্যা নিয়ে কথা বলা কি অপরাধ? আমি কি কোনও অপরাধ করেছি?’
তিনি আরও বলেন, ‘আপ সংসদকে জানিয়েছে যে আমাকে যেন কথা বলার সুযোগ দেওয়া না হয়। আমি তাদের বলতে চাই আমার নীরবতাকে আমার পরাজয় বলে ভুল করবেন না।’
উল্লেখ্য, আম আদমি পার্টি সম্প্রতি রাজ্যসভার সচিবালয়কে চিঠি দিয়ে রাঘব চড্ডাকে রাজ্যসভায় দলের উপনেতার পদ থেকে সরানোর দাবি জানিয়েছে। তার জায়গায় পাঞ্জাবের সাংসদ অশোক মিত্তলের নাম প্রস্তাব করেছে দল। ওই চিঠিতে আপ নেতৃত্ব এও অনুরোধ করেছে যে, রাজ্যসভায় দলের কোটা থেকে যেন রাঘব চড্ডাকে কথা বলার জন্য কোনও সময় বরাদ্দ না করা হয়।
একসময় আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন রাঘব। দেশের কনিষ্ঠতম সাংসদদের মধ্যে অন্যতম রাঘব চড্ডা দলের অন্দরে, বিশেষ করে পাঞ্জাব ও দিল্লিতে একসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। বর্তমান পরিস্থিতি প্রমাণ করছে, দলের সাথে তার সেই সমীকরণ এখন অতীত।
AAP Raghav Chadha
‘মোদীকে ভয় পাচ্ছেন রাঘব’, রাজ্যসভায় উপনেতার পদ থেকে সরানোর পর এবার আপ-এর তীব্র আক্রমণের মুখে চড্ডা
×
Comments :0