BJP Tamil Nadu

বিজেপি ছাড়লেন কে. আন্নামালাই, তামিলনাড়ু রাজনীতিতে নতুন জল্পনা

জাতীয়

দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে বিজেপি ছাড়লেন কে আন্নামালাই। শুক্রবার এক বিবৃতিতে বিজেপির পক্ষ থেকে জানানলো হয়েছে তার দল ছাড়ার কথা। 
৪১ বছর বয়সী এই নেতা সম্প্রতি দিল্লিতে গিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। তিনি দলীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে দেখা করে জানান যে তিনি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেই দল থেকে সরে যেতে চান। পরে তার সঙ্গে বৈঠক হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষের।
সূত্রের খবর, এরপর একাধিকবার চলে আলোচনা। নেতৃত্বের পক্ষ থেকে চেষ্টা করা হয় তাকে দলে ধরে রাখার। তামিলনাড়ু বিজেপির বর্তমান সভাপতিকেও দিল্লিতে ডাকা হয়। শেষ পর্যন্ত শুক্রবার আন্নামালাইয়ের পদত্যাগপত্র গ্রহণ করা হয়।
২ জুনে লেখা পদত্যাগপত্রে আন্নামালাই উল্লেখ করেন, দেশের রাজনৈতিক দলগুলি দীর্ঘদিন ধরে তামিলনাড়ুর মানুষের ভাষা ও মনোভাব বোঝাতে ব্যর্থ হয়েছে। তিনি দাবি করেন, সেই পরিস্থিতি বদলানোর চেষ্টা করেছিলেন এবং নানা বাধা সত্ত্বেও কিছুটা সফলতাও পেয়েছিলেন।
তিনি আরও জানান, গত দেড় বছর ধরে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার বিভিন্ন নীতিগত মতপার্থক্য ছিল। বিশেষ করে তামিলনাড়ুতে বিজেপির ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে তার মত দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে মেলেনি।
পদত্যাগপত্রে আন্নামালাই লেখেন, ‘আমি আর দলের শীর্ষ নেতৃত্বের উপর আমার রাজনৈতিক ভাবনা চাপিয়ে দিতে চাই না। আলোচনার পর বুঝেছি, তামিলনাড়ুকে নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি এক নয়।’
আন্নামালাই জানান, এখন তিনি রাজনীতিতে আসার মূল উদ্দেশ্য নিয়ে নতুন করে ভাবতে চান এবং ভবিষ্যতে কোন পথে এগোবেন তা সময়ই নির্ধারণ করবে।
তার ঘনিষ্ঠ সূত্রের দাবি, আন্নামালাই তামিলনাড়ুর তরুণ নেতৃত্বকে চিহ্নিত, প্রশিক্ষিত ও গড়ে তোলার লক্ষ্যে একটি গণআন্দোলন শুরু করার পরিকল্পনা করছেন। ভবিষ্যতে সেটি রাজনৈতিক দলে রূপ নিতে পারে বলেও জল্পনা রয়েছে। 
আন্নামালাই ২০২০ সালে আইপিএসের চাকরি থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন। যোগদানের কয়েক সপ্তাহের মধ্যেই তিনি রাজ্য সহ-সভাপতি হন। ২০২১ সালে মাত্র ৩৭ বছর বয়সে তাকে তামিলনাড়ু বিজেপির সভাপতি করা হয়।
পরে ২০২৩ সালের কর্ণাটক বিধানসভা নির্বাচনে তাকে দলের নির্বাচনী দায়িত্বও দেওয়া হয়েছিল, যদিও সেই নির্বাচনে বিজেপি পরাজিত হয়।
রাজনৈতিক মহলে ধারণা, ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সঙ্গে এআইএডিএমকের জোট পুনরুজ্জীবিত হওয়ার পর থেকেই মতবিরোধ আরও তীব্র হয়।
সূত্রের দাবি, আন্নামালাই চেয়েছিলেন বিজেপি এককভাবে নির্বাচন লড়ে নিজেদের সংগঠন ও ভোটভিত্তি আরও শক্তিশালী করুক। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব জোটের পক্ষেই অবস্থান নেয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এআইএডিএমকে নেতা পালানিস্বামী জোট পুনরুজ্জীবনের শর্ত হিসেবে বিজেপির রাজ্য নেতৃত্বে পরিবর্তনের দাবি তুলেছিলেন। সেই প্রেক্ষাপটেই আন্নামালাইকে রাজ্য সভাপতির পদ থেকে সরানো হয়েছিল বলে মনে করা হয়।
যদিও তামিলনাড়ুতে বিজেপির ভোট শতাংশ ও রাজনৈতিক উপস্থিতি বাড়ানোর কৃতিত্ব অনেকেই আন্নামালাইকে দেন, তবুও তিনি এখনও পর্যন্ত কোনও নির্বাচনে জয় পাননি। ২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তিনি পরাজিত হন।
আন্নামালাইয়ের বিজেপি ত্যাগ তামিলনাড়ুর রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। এখন নজর থাকবে তার সম্ভাব্য নতুন রাজনৈতিক উদ্যোগের দিকে।

Comments :0

Login to leave a comment