Rahul Gandhi

পুলিশকর্মীদের উপর হামলা ও কাজে বাধার অভিযোগ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে এফআইআর

জাতীয়

নির্বাচন কমিশনের দিকে বিরোধীদের মিছিল ঘিরে উত্তেজনার জেরে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বিরুদ্ধে এফআইআর দায়ের করলো দিল্লি পুলিশ। বুধবারের বিক্ষোভ চলাকালীন পুলিশকর্মীদের উপর হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এই মামলা করা হয়েছে। এফআইআরে বেশ কয়েকজন কংগ্রেস নেতা ও দলীয় কর্মীর নামও রয়েছে। 
পুলিশ সূত্রে দাবি, বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনায় একাধিক পুলিশকর্মী আহত বা হেনস্থার শিকার হয়েছেন। মহিলা পুলিশকর্মীরাও বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ পুলিশের। বুধবারের বিক্ষোভে মোট ৯১ জনকে আটক করা হয়েছিল বলে জানিয়েছে দিল্লি পুলিশ। তাদের মধ্যে একাধিক সাংসদ ও বিরোধী দলের নেতা ছিলেন। 
বিজেপির তরফে বিক্ষোভের একাধিক ভিডিয়ো সামনে এনে রাহুল গান্ধীর বিরুদ্ধে কর্তব্যরত এক মহিলা পুলিশকর্মীর সঙ্গে দুর্ব্যবহার ও ধস্তাধস্তির অভিযোগ তোলা হয়েছে। যদিও সেই অভিযোগ খারিজ করেছে কংগ্রেস। দলের বক্তব্য, দলীয় কর্মীদের উপর পুলিশি পদক্ষেপের সময় তাদের রক্ষা করতেই রাহুল গান্ধী সেখানে গিয়েছিলেন।
অন্যদিকে, বিরোধী শিবিরের নেতারা পুলিশের বিরুদ্ধেও পাল্টা অভিযোগ তুলেছেন। তাদের অভিযোগ, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখানোর সময় সাংসদদের সঙ্গে পুলিশ ধাক্কাধাক্কি করেছে এবং কয়েকজনকে মাটিতে ফেলে দেওয়া হয়। পুলিশের আচরণ নিয়ে গুরুতর অভিযোগও করেছেন তারা।
কংগ্রেস নেতাদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার প্রতিবাদ দমন করতে পুলিশকে ব্যবহার করছে। দলের পক্ষ থেকে পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে সংসদীয় প্রিভিলেজ প্রসিডিংস বা স্বাধিকারভঙ্গের প্রক্রিয়া শুরু করার কথাও জানানো হয়েছে।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের কাছে মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ বাধা দেওয়ায় মঙ্গলবারও রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী-সহ বিরোধী সাংসদরা দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ করেছিলেন। সেই ঘটনায় অনুমতি ছাড়া আকাশবাণী ভবনে প্রবেশের অভিযোগেও রাহুল ও প্রিয়াঙ্কার বিরুদ্ধে পৃথক এফআইআর দায়ের হয়েছে। 
বিরোধীরা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানিয়ে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছে বিরোধীরা। অন্যদিকে, পুলিশ বিক্ষোভ চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষা এবং সরকারি কাজে বাধা ঠেকানোর প্রয়োজনীয়তার কথা জানিয়েছে। ফলে এফআইআর ঘিরে কেন্দ্র ও বিরোধী শিবিরের রাজনৈতিক সংঘাত আরও বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

Comments :0

Login to leave a comment