TMC

মেয়র পদ থেকে পদত্যাগ করলেন ফিরহাদ

রাজ্য কলকাতা

দল ক্ষমতায় নেই, নেই তার মন্ত্রিত্বও। তাই কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করলেন ফিরহাদ হাকিম। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে কলকাতা কর্পোরেশনের মেয়র পদ থেকে ইস্তফার কথা জানিয়েছেন তিনি। ফিরহাদ বলেন, ‘ফিরহাদ হাকিম কেউ নয়। কিন্তু যেই চেয়ারে রয়েছি সেই চেয়ারে একটা আলাদা সম্মান রয়েছে। মন্ত্রী এবং মেয়র হিসাবে দাপটের সাথে কাজ করেছি। এখন সেটা সম্ভব হচ্ছে না। তাই চেয়ার ধরে বসে থাকতে চাইছি না। ঢাল নেই তলোয়ার নেই। নতুন সরকারের কাছে আবেদন মানুষের প্রত্যাশা পুরণ করার।’
এদিন ফিরহাদ হাকিম সাংবাদিক সম্মেলনে তার কাজের খতিয়ান তুলে ধরেন। উল্লেখ্য তিনি মেয়র থাকাকালিনই কলকাতায় বেআইনি নির্মান, পুকুর ভরাট সহ একাধিক ঘটনা সামনে এসেছে। তার বিধানসভা এলাকায় ২০২৪ সালে ভেঙে পড়েছিল নির্মিয়মান বহুতল। যা ছিল পুরোপুরি বেআইনি।
ফিরহাদ স্পষ্ট করে দিয়েছেন যে দলের নির্দেশেই তিনি পদত্যাগ করেছেন। ২০১৮ সালে তাকে কলকাতার মেয়র পদে বসানোর জন্য মমতা ব্যানার্জির কাছে নিজেদের কৃতজ্ঞতাও প্রকাশ করেন।  
তিনি বলেন, ‘২০১৮ সালে হঠাৎ করে তৎকালিন কলকাতার মেয়র যখন পদত্যাগ করেন, তখন সব কাউন্সলিরের সম্মিত নিয়ে মমতা ব্যানার্জি আমায় বসায়। তার জন্য তাকে ধন্যবাদ। ২১ এর নির্বাচনেও মানুষ আমাদের সমর্থন করেন। আমরা পৌরসভায় জয়ী হই।’ 
২০২১ সালের শেষের দিকে কলকাতা পৌরসভা নির্বাচনে ভোট লুঠ করে, ছাপ্পা দিয়ে কার্যত গায়ের জোড়ে জয়ী হয়েছিল তৃণমূল। গোটা শহরের বিভিন্ন জায়গায় ভোট দিতে দেওয়া হয়নি সাধারণ ভোটারদের। 
উল্লেখ্য তৃণমূলের তিনজন প্রতিনিধি কলকাতার মেয়র হিসাবে কাজ করেছেন। ২০০০-২০০৫ মেয়র ছিলেন সুব্রত মুখার্জি, ২০১০-২০১৮ মেয়র ছিলেন শোভন চ্যাটার্জি, ২০১৮-২০২৬ পর্যন্ত ফিরহাদ হাকিম। এই তিনজনকেই নারদা স্টিং অপারেশনে টাকা নিতে দেখা গিয়েছিল।

Comments :0

Login to leave a comment