Raniganj Worker's Protest

ছাঁটাইয়ের মুখে পাঁচ শ্রমিক, রানিগঞ্জে ব্যাপক বিক্ষোভ জয় বালাজির গেটে

জেলা

মঙ্গলপুর শিল্প তালুকে জয় বালাজি ইন্ডাস্ট্রিজ কারখানার গেটে শুক্রবার সিআইটিইউ’র বিক্ষোভ। ছবি: মলয়কান্তি মণ্ডল।

রানিগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকের জয় বালাজি ইন্ডাস্ট্রিজ লিমিটেডে কর্মরত পাঁচ জন শ্রমিককে কাজে যোগ দিতে নিষেধ করেছে কর্তৃপক্ষ। তার প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ সভা করল সিআইটিইউ। কারখানার গেটে শ্রমিকরা ক্ষোভে ফেটে পড়েন।
শুক্রবার রানিগঞ্জ স্পঞ্জ আয়রন এণ্ড স্টিল ওয়াকার্স ইউনিয়নের ডাকে সাড়া দিয়ে কারখানার শ্রমিকরা গেটের সামনে বিক্ষোভ দেখান। ডেপুটেশনও দেওয়া হয়। 
পাঁচ শ্রমিককে বসিয়ে দেওয়ার হুমকিকে অনৈতিক আখ্যা দিয়ে শ্রমিক ইউনিয়নের সভাপতি রুনু দত্ত এবং ক্ষুদ্র মাঝারি লৌহ ইস্পাত শিল্প ইউনিয়নের রাজ্য সম্পাদক উমাপদ গোপ প্রতিবাদ জানান। তাঁরা কর্তৃপক্ষের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, একজন শ্রমিককেও কাজে যোগ দিতে বাধা দেওয়া হলে বড় আন্দোলনে নামবে লালঝাণ্ডা। সিআইটিইউ নেতৃবৃন্দ বলেন, তৃণমূল নেতাদের দৌলতে কারখানা কর্তৃপক্ষ স্বেচ্ছাচার চালাচ্ছে। যে পাঁচ শ্রমিককে ১ এপ্রিল থেকে কারখানায় কাজে যোগ দিতে নিষেধ করা হয়েছে তারা সকলেই সিআইটিইউ'র কর্মী। 
কারখানার ঠিকা শ্রমিক অভিজিৎ বাউরি কর্মরত অবস্থায় দগ্ধ হয়েছিলেন। গরম ছাইয়ে হাত ও পা পুড়ে গিয়েছিল। ঠিকাদার সংস্থা স্থানীয় এক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। শ্রমিকরা বলছেন, চিকিৎসার ও আর্থিক সাহায্যের দাবি করলেও ঠিকাদার কোনও সদুত্তর দিচ্ছে না। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন চুক্তিতেও দেরি করছে। ত্রিপাক্ষিক বৈঠকে একাধিক স্পঞ্জ আয়রন ও স্টিল কারখানার প্রতিনিধিরা গরহাজির থাকছেন। বর্তমান তৃণমূল সরকারের শ্রমমন্ত্রী অনুপস্থিত থাকছেন। 
এদিন শ্রমিকরা গেটে হাজির হয়ে ক্ষোভে ফেটে পড়েন। শ্রমিকদের সভায় বক্তব্য রাখেন অরূপ লায়েকও। 
এদিন সিআইটিইউ নেতৃবৃন্দ বলেন, কারখানায় প্রায় এক হাজারের বেশি শ্রমিক কর্মরত। কারখানা কর্তৃপক্ষ তৃণমূলের নেতাদের মদতে অন্য রাজ্যের শ্রমিক নিয়োগ করছে। কারখানার সব ঠিকা শ্রমিকের ইএসআই, পিএফ নেই। কারখানা শ্রমিকদের স্বার্থে একমাত্র লালঝাণ্ডাই লড়াই করছে। 
রানিগঞ্জ বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী নারান বাউরি এই ঘটনার উদ্বেগ জানিয়ে লালঝাণ্ডা নিয়েই শ্রমিকদের ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানান। 
কারখানা কর্তৃপক্ষের শ্রমিক ছাঁটাইয়ের চক্রান্তের প্রতিবাদ জানিয়ে জেলা শ্রম দপ্তরে চিঠি পাঠিয়েছে সিআইটিইউ ।

Comments :0

Login to leave a comment