Mamata TMC

সিদ্ধান্ত থেকে ইউ টার্ন, মনোনয়ন তুলছেন না রবিউল

রাজ্য

প্রার্থী পদ প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে ইউ টার্ন রবিউল আলম চৌধুরির। শনিবার সকালে রেজিনগর উপ-নির্বাচনের মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবিউল আলম চৌধুরি জানান যে তিনি তার মনোনয়ন প্রত্যাহার করবেন। সূত্রের খবর এই খবর সামনে আসার পর কালীঘাটের পক্ষ থেকে তার সাথে যোগাযোগ করা হয়। তারপরই সিদ্ধান্ত বদল করেন তিনি। এদিন মনোনয়ন প্রত্যাহারের কথা জানানোর সময় রবিউল বলেন, দল নেত্রীর সাথে কথা বলার পর তার এই সিদ্ধান্ত। তিনি দাবি করেন দলের কর্মীরা তার হয়ে প্রচারে অংশ নিচ্ছেন না। দল নতুন প্রতীক পাওয়ায় সেই প্রতীক কম সময়ের মধ্যে মানুষকে চেনানো সম্ভব নয় বলেও জানান রবিউল। 
সিদ্ধান্ত বদল করার পর সাংবাদিকদের মুখোমুখি রবিউল চৌধুরি বলেন, দলের শীর্ষ নেতাদের কাছ থেকে আশ্বাস পাওয়ার পর তিনি মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সড়ে দাঁড়াচ্ছেন। পুলিশের পক্ষ থেকে তাকে নিরাপত্তার আশ্বাসও দেওয়া হয়েছে বলে জানান তিনি।
গতকাল নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঋতব্রত শিবির এবং মমতা শিবিরকে আলাদা নাম এবং প্রতীক দেওয়া হয়েছে। মমতা শিবিরের নাম হয়েছে সর্বভারতীয় মমতা তৃণমূল কংগ্রেস, প্রতীক ফুটবল খেলোয়ার। ঋতব্রত শিবিরের নাম হয়েছে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস, প্রতীক খাম। কমিশনের এই সিদ্ধান্ত আসার পরপরই মনোনয়ন প্রত্যাহার করেন নন্দীগ্রামের মমতা তৃণমূলের প্রার্থী সঞ্চিতা প্রধান দে।
মুখ্যমন্ত্রীর সাথে ময়দানের টেন্টে বৈঠকের পরপরই প্রার্থী পদ প্রত্যাহার করেন সঞ্চিতা। দলের প্রার্থী মনোনয়ন তুলে নেওয়ায় ওই কেন্দ্রে কংগ্রেস প্রার্থীকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেছেন মমতা ব্যানার্জি।

Comments :0

Login to leave a comment