কংগ্রেসের রাজ্যসভা প্রার্থী মীনাক্ষী নটরাজনের মনোনয়ন বাতিল বিষয় হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট। তেলেঙ্গানায় একটি ফৌজদারি মামলার তথ্য গোপন করার অভিযোগে কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বাতিল করেছিলেন রিটার্নিং অফিসার। সেই নির্দেশে হস্তক্ষেপ করতে সরাসরি অস্বীকার করেছে শীর্ষ আদালত।
সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, রিটার্নিং অফিসার একবার কোনও প্রার্থীর মনোনয়ন বাতিল করলে, এর একমাত্র আইনি পদক্ষেপ নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়া। বিচারপতি পিকে মিশ্র এবং এএস চান্দুরকরের বেঞ্চ রায় দেয় যে, রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র বাতিলের চ্যালেঞ্জ জানিয়ে কংগ্রেস নেত্রীর আবেদনটি গ্রহণযোগ্য নয়।
শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, ‘সিদ্ধান্ত যতটাই ভুল হোক না কেন, একবার মনোনয়ন বাতিল হয়ে গেলে সাধারণ নিয়মে তার প্রতিকারের পথ অন্য জায়গায় রয়েছে।’
মীনাক্ষী নটরাজনের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিংভি। তিনি আদালতকে বলেন যে, এটি এমন একটি গুরুত্বপূর্ণ মামলা যেখানে আদালতের অবিলম্বে হস্তক্ষেপ করা উচিত।
সিংভি যুক্তি দেন, নিয়ম অনুযায়ী একজন প্রার্থীর কেবল সেই ফৌজদারি মামলার কথাই প্রকাশ করার কথা যেখানে ন্যূনতম দুই বছরের সাজার বিধান রয়েছে। কিন্তু এই নির্দিষ্ট ক্ষেত্রে কেবল সমন জারি করা হয়েছিল। তিনি দাবি করেন, জনপ্রতিনিধিত্ব আইনের অধীনে ফৌজদারি মামলার তথাকথিত তথ্য গোপনের কারণ দেখিয়ে মধ্যপ্রদেশের রাজ্যসভা নির্বাচনে মীনাক্ষীর মনোনয়নপত্র বেআইনিভাবে বাতিল করেছেন রিটার্নিং অফিসার।
ইতিমধ্যে বৃহস্পতিবার মধ্যপ্রদেশের রাজ্যসভা নির্বাচনে বড়সড় জয় পেয়েছে বিজেপি। ফাঁকা হওয়া তিনটি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তারা।
রাজ্যসভা নির্বাচনের রিটার্নিং অফিসার অরবিন্দ শর্মা তার নির্দেশে জানিয়েছেন, নথিপত্র খতিয়ে দেখার পর দেখা গেছে যে নটরাজন একটি অসম্পূর্ণ হলফনামা জমা দিয়েছেন। মনোনয়নের সাথে জমা দেওয়া ফর্ম ২৬-এ তিনি একটি আদালতের অভিযোগের কথা উল্লেখ করেননি।
মধ্যপ্রদেশ বিধানসভার এক আধিকারিকের কথায়, শাসকদল বিজেপির প্রার্থী মহেশ কেওয়াত রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। তার অভিযোগ ছিল, নটরাজন তার নির্বাচনী হলফনামায় তেলেঙ্গানায় তার বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলার কথা সজ্ঞানে এড়িয়ে গেছেন।
এই ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে কংগ্রেস। মধ্যপ্রদেশ কংগ্রেসের প্রধান জিতু পাটোয়ারী অভিযোগ করেছেন যে, মীনাক্ষী নটরাজনের রাজ্যসভার মনোনয়ন বাতিল করার এই পদক্ষেপ ভারতীয় রাজনীতিতে এক নজিরবিহীন ঘটনা এবং এটি দেশের গণতান্ত্রিক পরিকাঠামো নিয়ে গভীর উদ্বেগ বাড়াচ্ছে।
Congress
সুপ্রিম কোর্টেও ধাক্কা মীনাক্ষী নটরাজনের, রাজ্যসভা নির্বাচনের মনোনয়ন বাতিলে হস্তক্ষেপ করলো না শীর্ষ আদালত
×
Comments :0