বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষিত হতেই ফালাকাটা বিধানসভা কেন্দ্র জুড়ে শুরু হয়েছে ব্যাপক নির্বাচনী তৎপরতা। গ্রাম থেকে শহর, সর্বত্রই লালঝাণ্ডার সমর্থনে দেওয়াল লিখন ও প্রচারের জোয়ার লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘ কয়েক বছরের জড়তা কাটিয়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এইবারের প্রচারে এক নতুন মাত্রা যোগ করেছে। এলাকার গরীব পাট্টাদার, ক্ষুদ্রচাষী এবং ১০০ দিনের কাজের জবকার্ড হোল্ডারদের মধ্যে প্রার্থীকে নিয়ে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। বিশেষ করে পরিযায়ী শ্রমিক পরিবারগুলোর উঠান থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকানের দেওয়াল- সর্বত্রই শোভা পাচ্ছে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী কমল কিশোর রায়ের সমর্থনে দেওয়াল লিখন। যারা ভয় বা সঙ্কোচে কাস্তে হাতুড়ি-তারা চিহ্নের জন্য দেওয়াল ছাড়তে দ্বিধা করতেন, আজ তারাই নিজে থেকে দলীয় কর্মীদের ডেকে নিয়ে দেওয়াল রাঙিয়ে তুলছেন। ফালাকাটার মোড়ে মোড়ে এখন একটাই গুঞ্জন- ‘‘হাল ফেরাতে লাল ফেরান।’’ এবারের প্রচারের মূল সুর হলো একদিকে ‘দুর্নীতিগ্রস্ত’ তৃণমূল এবং অন্যদিকে ‘কর্পোরেট বান্ধব’ বিজেপিকে রুখে দেওয়া। প্রচার কর্মসূচিতে সিপিআই(এম) কর্মীদের সঙ্গে পা মিলিয়েছেন সাধারণ মানুষও। স্থানীয়দের দাবি, বাংলার ঐতিহ্য ফেরাতে এবং দুর্নীতির হাত থেকে মুক্তি পেতে বামপন্থীদের বিকল্প নেই। প্রথম দিন থেকেই ফালাকাটার প্রতিটি দেওয়ালে দেওয়ালে কাস্তে-হাতুড়ি-তারা আঁকার কাজ কার্যত উৎসবে পরিণত হয়েছে।
CPIM
ফালাকাটায় সিপিআই(এম)’র দেওয়াল লিখনে ব্যাপক উৎসাহ
×
Comments :0