একদিকে কৃষকদের ফসল মাঠেই মারা গিয়েছে। আরেকদিকে, বাজারে সবজির দামে আগুন। হাত পুড়ছে ক্রেতাদের। মাঝখান থেকে চড়া মুনাফা কামাচ্ছে ফড়ে-ব্যবসায়ীরা। ঘূর্ণিঝড় 'আকভান'-র পর বাজার ঘিরে ক্ষোভ। পরিস্থিতির জেরে নবান্নে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যত কয়েকটি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেছেন তিনি।
মূল্যবৃদ্ধি আরও বাড়তে পারে আশংকা রয়েছে খুচরো বাজারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন যে, যেসব ব্যবসায়ী অবৈধভাবে পণ্য মজুত করছেন বা কৃত্রিম সংকট তৈরি করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ার পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।
রাজ্য সচিবালয় ‘নবান্ন’-তে ঊর্ধ্বতন আধিকারিক ও বিভিন্ন ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে শুভেন্দু অধিকারী সরিষার তেল, চিনি ও আলুর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তবে এর আগে দাম কমানোর জন্য বিশেষ ব্যবস্থা নিতে তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী ব্যবসায়ীদের সঙ্গেই বৈঠক করতেন। কোনওবারই দাম কমানোর পক্ষে কাজের কাজ হতো না।
অপরদিকে, 'আকভান'-র জেরে ভয়াবহ অবস্থা কৃষকদের। গোয়ালতোড়ে বেগুন গাছ ঝিমিয়ে কাঠ। ফুলকপি, বাঁধাকপি, শীতের শাকে পচন। ধানের শীষে অঙ্কুর (গজা)। মাঠ জুড়ে পচনের গন্ধ। কৃষকের চোখে জল। রাজ্যে ক্ষতিপূরণের ঘোষণায় হতাশ কৃষকরা।
পশ্চিম মেদিনীপুরেরগোয়ালতোড়ের সবজি ভান্ডার দোলবাগান আমলাশুলির মতো এলাকায় দেখা গিয়েছে এমনই হাহাকার। এক হেক্টর জমিতে কম করেও ৩৩-৩৫ মন ধান ফলে। যার বাজার মূল্য ১৮ হাজার টাকা। সরকারি ক্ষতিপূরণে ঋণ শোধ তো দূরের কথা খরচটুকুও আসবে না। সরকার ঋণ শোধের দায়ভার নিক, এমনও দাবি তুলছেন ক্ষতিগ্রস্ত কৃষকদের।
পূর্ব মেদিনীপুর জেলার ২৫ টি ব্লক এলাকায় ধান- পান- ফুল চাষের অপূরণীয় ক্ষতি সহ জনজীবন বিপর্যস্ত হয়ে পডার মধ্য দিয়ে পাকা ধানে মই প্রবাদ বাক্যের সঙ্গে মিলে যাচ্ছে। এমনকি পূর্ব মেদিনীপুর জেলায় একজন বৃদ্ধার মৃত্যু ও ঘটেছে। একটানা বৃষ্টির ফলে খেজুরি, রামনগর, নন্দীগ্রাম, নন্দকুমার, ভগবানপুর, পটাশপুর, পাঁশকুড়া, কোলাঘাট ব্লকের সর্বাধিক ক্ষতি সম্মুখীন আমন ধানের চাষী এবং পান ও ফুল চাষীরা। ফুলের পাপড়ি যেমন নষ্ট হয়েছে তেমনি পাকা ধান জলের তলায় ডুবে থেকেও নষ্ট হয়েছে। অতিবৃষ্টিতে পানের অবস্থাও বেহাল।
গোয়ালতোড়ের কফি চাষি সৈয়দ মুস্তাফা গায়েন বলেন, এই সবজি চাষের উপর এলাকার চারশোর বেশি পরিবারের সংসার চলে। অসময়ের বৃষ্টিতে পালং, মূলো সহ কপি জমিতে জল বইছে। জমা জলে শাক জমি নষ্ট। বিঘা প্রতি কপি জমিতে ক্ষতি ৩৫-৩৭ হাজার টাকা। আয় হতো ৫০ হাজারের কাছাকাছি। এখন এই সরকারী অনুদান নিয়ে কি ভাবে ঋণ শোধ করবো।
উল্লেখ্য, গত রবিবার, ২২ নভেম্বর, মুখ্যমন্ত্রী ‘আকভান’ ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। তাতে বলা হয়েছে যে সেচসেবিত জমিতে ক্ষতিপূরণ হেক্টরে ১৭ হাজার টাকা। কিন্তু বৃষ্টির জলের ভরসায় চাষ হয় এমন জমিতে হেক্টরে ৮,৫০০ টাকা ক্ষতিপূরণ মিলবে। এদিকে কৃষি দপ্তরের হিসেব, শীতের মুখে ঘূর্ণিঝড়ে অন্তত ৭০০ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। রাজ্য সরকার যদিও ক্ষতিপূরণ বাবদ বরাদ্দ করেছে ২১২.৩ কোটি টাকা। ৫.৭৩ লক্ষ কৃষক ক্ষতিগ্রস্ত বলে ধরা হয়েছে। রাজ্যের দক্ষিণ অংশের ৮ জেলার ক্ষেত্রে এই হিসেব করা হয়েছে।
পশ্চিম মেদিনীপুরের দাসপুরের দানিকোলা, বড়মারা, কাঁটাদরজা, রাইকুন্ডু লঙ্কাগড় এমন বহু মৌজার জমি এক কোমর জলের তলায়। এই মৌজাগুলিতে ব্যাপক শশা লঙ্কা সবজি চাষের গড়। অবিনাশ দাস, সুকুমার সেনাপতি বলেন, এখানে বর্ষাকালে কোনেও চাষ হয় না। শীতের চাষই ভরষা। একশ গ্রাম শশা বীজের দাম ৩০০০ টাকা। ৪২-৪৫ দিনে ফলন দেয়। এক কোমর উচ্চতার শশা গাছ জলের তলায়। সামনের মাস থেকেই এখান থেকে লরি লরি শশা লঙ্কা সবজি বাইরে যেতো। বিঘা প্রতি খরচ ২৫-২৭ হাজার টাকা। কেউ দুই আড়াই, কেউ আরো বেশি জমিতে চাষ করেছে ঋণ নিয়ে। এই ক্ষতি সহ ঋণ শোধ করার মতো অবস্থায় নেই কৃষকরা। এই জল নামতে কম করে আরো মাস দেড়েক সময় লাগবে। ফলে আর শীতের মরশুমি চাষ এ বছর আর হবে না। খাবো কী? ঋণ শোধ করবো কি করে?
এদিকে কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে কৃষক সভা প্রশাসনের কাছে দাবি জানিয়েছে জেলায় জেলায়। হাওড়ার পাঁচলায় দাবিতে পাঁচলায় তিনটি দপ্তরে ডেপুটেশন দিল কৃষক সমিতি। দাবি উঠেছে সারের কালোবাজারি বন্ধ এবং চাষযোগ্য জমি পুনরুদ্ধারেরও।
সোমবার পাঁচলার কৃষি দপ্তর, বিডিও অফিস এবং বিএলআরও অফিসে এই ডেপুটেশন দেওয়া হয়।
এদিনের ডেপুটেশন কর্মসূচিতে কৃষক সমিতির প্রতিনিধিদলে ছিলেন কৃষক সমিতির জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ইসরাইল মোল্লা, ব্লক সম্পাদক প্রশান্ত দাস, সভাপতি সাগর রায় এবং থানা কমিটির সদস্য সুরজিৎ বাগ ও মানোয়ার মণ্ডল সহ অন্যান্য নেতৃত্ব।
কৃষক সমিতি জানিয়েছে, বেশিরভাগ দাবির ক্ষেত্রেই কৃষি অধিকর্তা বা সহ-অধিকর্তা সম্মতি প্রকাশ করেছেন।
Comments :0