জয়ন্ত সাহা: মাথাভাঙা
রাস উৎসবকে ঘিরে কোচবিহার জেলা জুড়ে এখন আলোর রোশনাই। অথচ এরই মাঝে মাথাভাঙার পৌরসভার পূর্ত দপ্তরের অধীনের ১২ জন কর্মীর পাঁচ মাস ধরে বেতন নেই, ১৫ মাসের ইএসআই বকেয়া! এরাই জেল থেকে আদালত, হাসপাতাল থেকে সরকারি অফিসের বিদ্যুৎ পরিষেবার কাজ দেখাশোনা করেন দিন-রাত। বাধ্য হয়ে মাথাভাঙ্গা হাসপাতালে বিদ্যুৎ পরিষেবার দায়িত্বে থাকা কর্মীরা প্রতিকী বিক্ষোভে শামিল হলেন।
বিক্ষোভে শামিল হওয়া অনিমেশ দাস, শিবচরণ দাস, মহাদেব লালদের বক্তব্য, আমরা পূর্ত দপ্তরের অধীনে চুক্তি ভিত্তিক শ্রমিক। নাম মাত্র মজুরিতে কেউ কুড়ি বছর কেউবা বাইশ বছর কাজ করছি। আমরা যে ঠিকাদারের অধীনে কাজে নিযুক্ত হয়েছি তিনি বহরমপুরের বাসিন্দা। তাঁর কাছে মাসিক মজুরি চাইলে তিনি ফোনে জানিয়েছেন তাঁর টেন্ডারের মেয়াদ ফুরিয়ে গেছে। এক্সটেনশনে কাজ চালাচ্ছেন। কিন্তু তিনিও গত চারমাস ধরে বিল পাচ্ছেন না। ঠিকাদারের বক্তব্য,‘‘বিল না পেলে আমার পক্ষে মজুরি দেওয়া সম্ভব নয়।’’ অভিযোগ এরপর থেকে তিনি কোনও শ্রমিকের ফোন রিসিভ করছেন না।
আজকের দুনিয়ায় বিদ্যুৎ ছাড়া এক মুহূর্তও স্বাভাবিক জীবনযাত্রা কল্পনা করা কঠিন। আর একটি হাসপাতালের ক্ষেত্রে বিদ্যুতের গুরুত্ব কতটা, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। ভেন্টিলেশন, অস্ত্রোপচার থেকে শুরু করে হাসপাতালের বিভিন্ন জরুরি চিকিৎসা পরিষেবা প্রতিটি ক্ষেত্রেই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ সেই গুরুত্বপূর্ণ পরিষেবা সচল রাখার দায়িত্বে থাকা মাথাভাঙ্গা হাসপাতালের বিদ্যুৎ বিভাগের অস্থায়ী কর্মীদেরই আজ চরম আর্থিক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে। দীর্ঘ পাঁচ মাস ধরে তাঁরা কোনও বেতন পাচ্ছেন না। শুধু তাই নয়, গত ১৫ মাস ধরে তাঁদের ইএসআই’র টাকাও জমা পড়েনি। এই শ্রমিকেরা মহকুমা শাসক থেকে পূর্ত দপ্তর সর্বত্র ঘুরে সমস্যা মেটানোর দাবি জানালেও প্রশাশন নিশ্চুপ। শ্রম দপ্তরে জানিয়েও মজুরি সমস্যার সুরাহা হয় নি।
বেতন না পাওয়া শ্রমিকদের বক্তব্য, তাঁরা পূর্ত দপ্তরের ইলেকট্রিক্যাল বিভাগের অধীনে ঠিকাদারিভিত্তিক কর্মী হিসেবে হাসপাতাল সহ অন্যত্র বিদ্যুৎ পরিষেবা সচল রাখার কাজ করেন। অথচ দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় তাঁদের সংসার চালানো, দৈনন্দিন খরচ মেটানো এবং পরিবারের দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়েছে। মঙ্গলবার হাসপাতালের রক্ষণাবেক্ষণ ও সংশ্লিষ্ট পরিষেবার দায়িত্বে থাকা পূর্ত বিভাগের এক বিভাগীয় ইঞ্জিনিয়ারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন বলে জানান। তাঁর বক্তব্য, বর্তমানে টেন্ডার প্রক্রিয়া চলছে। সেই প্রক্রিয়া সম্পন্ন হলে সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে। ওই ইঞ্জিনিয়ারের কথাতেই স্পষ্ট টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হতে যতদিন সময় লাগবে, ততদিন এই কর্মীদের মজুরি মিলবে না।
মঙ্গলবার রাতে উদ্বোধন হয়ে গেল কোচবিহারের ঐতিহাসিক রাস উৎসবের। প্রথা ও আচার মেনে রাসচক্র ঘোরানোর মধ্য দিয়ে এদিন এই ২১৪ তম রাস উৎসবের উদ্বোধন করলেন কোচবিহার দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি তথা কোচবিহারের জেলা শাসক জিতিন যাদব। রাজ্যের নতুন শাসকের বদান্যতায় সর্বধর্ম সমন্বয়ের মিলনক্ষেত্র কোচবিহারের রাসমেলার রং এবার গেরুয়া। এই রাস উৎসব এবং মেলার প্রচার সজ্জার কোথাও এবার ঠাঁই হয়নি বংশ পরম্পরায় মুসলিম পরিবারের হাতে তৈরি রাসচক্রের ছবি। গোটা শহর সেজেছে এই মেলার বিজ্ঞাপনের ফ্লেক্স, হোর্ডিং কিংবা রোড ওভার গেটে। বিজ্ঞাপনে শুধুই ছবি রয়েছে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর। আর তা নিয়েই বিতর্কের ঝড় উঠেছে জেলা জুড়ে। বিক্ষোভকারীদের বক্তব্য, আগের সরকারের মতই এই সরকারও সরকারি কোষাগারের টাকা খরচ করে একটার পর একটা উৎসবে আলোর বন্যা বইয়ে দিচ্ছে। অথচ আমাদের মজুরি বাড়ানো দূরস্ত, মজুরি বকেয়া রাখছে। আমরা চাই সরকার হোক মানবিক।
Cooch Behar
আলোর রোশনাই কোচবিহার জুড়ে, অন্ধকারে পূর্ত দপ্তরের ১২ শ্রমিকের পরিবার
×
Comments :0