10 Lakhs Courted Arrest in 'Jail Bharo'

জেল ভরো’-তে ১০ লক্ষ গ্রেপ্তার, হুঁশিয়ারি শ্রমিক-কৃষকের, বলল পলিট ব্যুরো

জাতীয়

আমেদাবাদে শ্রমজীবী মহিলারা ‘জেল ভরো’ কর্মসূচিতে।

‘জেল ভরো’ কর্মসূচিতে ব্যাপক অংশগ্রহণের জন্য শ্রমিক এবং কৃষকদের অভিনন্দন জানিয়েছে সিপিআই(এম) পলিট ব্যুরো। সংযুক্ত কিসান মোর্চা এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও স্বাধীন ফেডারেশন সমূহের জাতীয় মঞ্চের তরফে ‘জেল ভরো’ কর্মসূচির আহ্বান জানানো হয়েছিল। 


বিহারের বেগুসরাই।

দেশের সর্বত্র কর্মসূচির প্রভাব পড়েছে। দিল্লির যন্তর মন্তরে শ্রমজীবীদের জমায়েত হয়েছে। তেলেঙ্গানার সঙ্গারেড্ডি জেলায় ব্যাপক অংশগ্রহণ দেখা গিয়েছে। রাজস্থানে জয়পুর থেকে বিভিন্ন এলাকায় সমবেত ভাবে রাস্তার দখল নিয়েছেন শ্রমিক এবং কৃষকরা। 
পলিট ব্যুরো বলেছে, চার দানবীয় শ্রম কোড আইন বাতিল, আরও কার্যকর এন-রেগা ফিরিয়ে আনা, অবাধ বাণিজ্য চুক্তিসমূহ বাতিল, স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী ফসলের দাম এবং দেশজুড়ে ন্যূনতম ৪২ হাজার টাকা মাসিক মজুরি টাকার মতো দাবিতে এদিন ‘জেল ভরো’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, ৯ আগস্ট ‘ভারত ছাড়ো’ আন্দোলনের দিন এই কর্মসূচির পরিকল্পনা থাকলেও ওইদিন রবিবার থাকায় ১০ আগস্ট হয়েছে কর্মসূচি। 
দেশের শ্রমিক এবং কৃষকদের যৌথ সংগ্রামকে অভিনন্দন জানিয়ে আগামী দিনে আরও শক্তিশালী আন্দোলনের আহ্বান জানিয়েছেন সারা ভারত কিসান সভার সভাপতি অশোক ধাওলে ও সাধারণ সম্পাদক বিজু কৃষ্ণান। 


সিআইটিইউ’র সাধারণ সম্পাদক এলামরাম করিম বিবৃতিতে বলেছেন, ১০ লক্ষের বেশি মানুষ এদিন জেলে গিয়েছেন। দেশ ১ হাজারের বেশি জায়গায় ‘জেল ভরো’ কর্মসূচি সংগঠিত হয়েছে। শ্রমজীবীর সব অংশ, কৃষক, খেতমজুরের পাশাপাশি ছাত্র-যুব এবং মহিলারা অংশ নিয়েছেন ব্যাপক সংখ্যায়। বহু জায়গায় রেল রোকো, রাস্তা রোকো হয়েছে। 
পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণ প্রতিবাদে বিজেপি’র তাণ্ডবে তীব্র ক্ষোভ জানিয়েছেন সিআইটিইউ সাধারণ সম্পাদক।  


পলিট ব্যুরো বলেছে, ‘জেল ভরো’ কর্মসূচির সাফল্য প্রমাণ করছে যে কৃষক এবং শ্রমিকরা দাবির সঙ্গে সহমত। কৃষক এবং শ্রমিক বিরোধী নীতি বন্ধ করার জন্য মোদী সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন দেশের মেহনতি জনতা। 
কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের উদ্দেশ্যে পলিট ব্যুরো বলেছে, জমি থেকে সতর্ক হওয়ার বার্তা দিচ্ছেন জনতা। দাবিগুলিকে মেটানোর জন্য দ্রুত ব্যবস্থা নিতে হবে।

হরিয়ানার হিসার।

Comments :0

Login to leave a comment