কেড়ে নেওয়ার হয়েছে ভোটাধিকার। প্রতিশ্রুতি দেওয়া হলেও মিলেছে শুধুই বঞ্চনা। নাম ওঠেনি ভোটার তালিকায়। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া মানুষকে আর কোন কিছু দিয়েই বোধহয় ভয় দেখানো যায় না।
শুক্রবার কলকাতায় সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির মিছিল থেকে সেই কথাই আরেকবার জীবন্ত হয়ে উঠল। ভোটার তালিকায় নাম ফিরিয়ে দেওয়ার দাবিতে সিইও দপ্তর অভিযানের ডাক দিয়েছিল সংগঠন। ধর্মতলা থেকে সিইও দপ্তর পর্যন্ত মিছিলে এসআইআর প্রক্রিয়ায় গরমিলের প্রতিবাদে গোড়া থেকে সোচ্চার ছিলেন মহিলারা। দাবি ওঠে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের, এসআইআর বাতিলের। ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে বিধানসভা নির্বাচনের পর্বে রাজ্যে কমিশনের সিইও মনোজ আগরওয়ালের বিরুদ্ধেও। তাঁকে এখন মুখ্য সচিব করেছে রাজ্যের বিজেপি সরকার।
মিছিলকে সিইও দপ্তরের সামনে বাধা দেয় পুলিশ। ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মহিলা ধর্মতলা লেনিন মূর্তির সামনে জড়ো হন। ছিলেন এমন অনেকেই যাঁদের নাম বাদ গিয়েছে এসআইআর-এ, সব নথি জমা দেওয়ার পরও। সিইও দপ্তরের খানিক আগে লোহার ব্যারিকেডকে অগ্রাহ্য করে এগোতে মরিয়া ছিল মিছিল। ব্যারিকেড ভেঙেই এগিয়ে যাওয়ার চেষ্টা করেন মহিলারা।
সিইও দপ্তর অভিযানে সুপ্রিম কোর্টে এসআইআর’র বিপক্ষে আবেদন জানানো মোস্তারি বানু।
পুলিশ লাঠি দিয়ে এক মহিলার হাতে আঘাত করার চেষ্টা করলেও একচুলও নড়ানো যায়নি তাঁকে। মহিলা নেতৃবৃন্দ রাস্তায় বসেই বিক্ষোভ দেখাতে থাকেন। অন্য পথে মিছিল করে সিইও দপ্তরের দিকে যাওয়ার চেষ্টাও করেন তাঁরা। সেখানেও ফের গার্ড রেল দিয়ে দুই স্তরে ব্যারিকেড করে পুলিশের বিশাল বাহিনী। প্রথম ব্যারিকেডটি ভেঙে মহিলারা এগিয়ে গেলে তাঁদের পিছনে লাঠি হাতে মহিলা পুলিশকে ছুটতে দেখা যায়। এরপর মহিলারাই দ্বিতীয় ব্যারিকেড ভাঙতে গেলে পুলিশ আর না এগোনোর অনুরোধ করে। সেখানেই পথসভা হয়।
পরে সিইও দপ্তরে যায় সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির প্রতিনিধিদল। ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কনীনিকা ঘোষ বোস, রাজ্য সম্পাদক মোনালিসা সিনহা, সভাপতি জাহানারা খান, এসআইআর'র বিরুদ্ধে সুপ্রিম কোর্টে প্রথম আবেদনকারী মুর্শিদাবাদের মোস্তারি বানুও। ছিলেন আইনজীবী সায়ন ব্যানার্জি।
ডেপুটেশন দিয়ে বেরিয়ে মোনালিসা সিনহা জানান, 'আগে থেকে সিইও’র কাছে দেখা করার জন্য সময় নেওয়া হলেও এদিন সিইও তাঁর কার্যালয়ে ছিলেন না। তাঁর সহকারীর কাছেই ডেপুটেশন জমা দেন নেতৃবৃন্দ। তবে বিশেষ কোনও সদুত্তর পাওয়া যায়নি।'
তবে, দাবি না মানা হলে ফের বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান মহিলা সমিতির নেতৃবৃন্দ।
Comments :0