‘ভোটার তালিকায় আমার নাম ফিরিয়ে দাও’। এই স্লোগানেই ২৫ সেপ্টেম্বর সিইও দপ্তরে বিক্ষোভের ডাক দিয়েছিল সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। জোরালো সাড়াও মিলেছে প্রচারে। সমাবেশের আগের দিন, বৃহস্পতিবার, ফের কর্মসূচি সফল করার আহ্বান জানালেন মহিলা সমিতির নেতৃবৃন্দ।
সদ্য বেরিয়ে পড়েছে যে এসআইআর প্রক্রিয়া চালানো হয়েছে অস্বচ্ছ পদ্ধতিতে। অগণতান্ত্রিক কায়দায়। এমনকি দুই নির্বাচন কমিশনারের আপত্তিও অগ্রাহ্য করে গিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এদিন মহিলা নেতৃবৃন্দ জ্ঞানেশ কুমারের দাবি তুলেছেন।
এদিন সংগঠনের রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলনে ছিলেন রাজ্য সম্পাদক মোনালিসা সিন্হা, সাধারণ সম্পাদক কনীনিকা ঘোষ, রাজ্য সভাপতি জাহানারা খান, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য মীনাক্ষী মুখার্জি। মোনালিসা বলেন, এসআইআর প্রক্রিয়া ত্রুটিপূর্ণ তা প্রমাণিত হয়েছে সংবাদমাধ্যমের প্রতিবেদনে। এটাও স্পষ্ট যে কমিশন নিরপেক্ষভাবে কাজ করেনি, কোনও একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করেছে। তিনি বলেন, এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবি তুলছি। যাদের নাম বাদ গেল তাদের নাম ভোটার লিস্টে ফেরাতে হবে।
মীনাক্ষী বলেন, গোটা এসআইআর প্রক্রিয়াটি ত্রুটিপূর্ণ। অপরাধ চালানো হয়েছে। নাম বাদ দেওয়ার জন্য কমিশন কিভাবে আপিল জানালো তা নিয়েও প্রশ্ন তুলেছেন দুই নির্বাচন কমিশনার সুখবিন্দর সিং সান্ধু এবং বিবেক যোশী। তা’হলে জ্ঞানেশ কুমার, কমিশন এবং এ রাজ্যের সিই দপ্তরকে কেন বিচারের আওতায় আনা হবে না? দোষীদের শাস্তি কেন হবে না?
মোনালিসা সিন্হা বলেছেন, এসআইআর প্রক্রিয়ার সময়েই আমরা কমিশনের তৎকালীন সিইও মনোজ আগরওয়ালের কাছে বারবার অস্বচ্ছ প্রক্রিয়ার অভিযোগ জানিয়েছি। তিনি বারবার বলেছেন যে দিল্লির নির্দেশ অনুযায়ী কাজ হয়েছে। আমাদের অভিযোগের জবাব দেননি, ব্যবস্থা নেননি। মনোজ আগরওয়ালের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। তিনি বলেছেন, আগামীকাল সারা রাজ্য থেকে মানুষ আসবেন। যাঁদের ভোটার তালিকা থেকে নাম গিয়েছে তাঁরা আসবেন। আবার যাঁরা মনে করছেন এই প্রক্রিয়া চালানো হয়েছে অন্যায়ভাবে তাঁরাও আসবেন।
মোনালিসা সিন্হা বলেন, আমরা দেখেছিলাম ২৭ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। যার মধ্যে ৬৩ শতাংশ মহিলাদের নাম ছিল। সংগঠনের নিজস্ব সমীক্ষা থেকে দেখা গিয়েছিল ২০০২ সালে ভোটার লিস্টে নাম থাকার পরেও বহু মানুষের নাম বাদ পড়েছে। ভোটার তালিকায় নাম থাকার সঙ্গে সরকারি প্রকল্পের কোনও সম্পর্ক না থাকা সত্ত্বেও বহু মানুষ হেনস্তার শিকার হচ্ছেন। তিনি বলেন, আগামীকাল বেলা ১২টায় ধর্মতলায় লেনিন মূর্তির সামনে জমায়েত করে সেখান থেকে সিইও দপ্তর অভিযান হবে।
এদিন সাংবাদিক সম্মেলনে ছিলেন সংগঠনের নেত্রী পারমিতা সেন, দীপু দাস, আত্রেয়ী গুহ, সিক্তা জোয়ারদার প্রমুখ।
Comments :0