মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের নেতৃত্বে অনবদ্য কাজ করছে কেরালার সরকার। কেরালার জনগণ বাম গণতান্ত্রিক ফ্রন্ট (এলডিএফ) ছাড়া অন্য কাউকে জয়ী করবে বলে মনে করি না।
কেরালার বিধানসভা নির্বাচন প্রসঙ্গে নিজের মূল্যায়নে অনড় থেকে একথা বললেন কংগ্রেস নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মণিশঙ্কর আয়ার।
কেরালার এলডিএফ সরকার ‘ভিশন ২০৩১’ উদ্যোগে রাজ্যের আগামী দিনের পথ চলার দিক ঠিক করতে চাইছে। সরকারি প্রচারে বলা হয়েছে, ‘জ্ঞানকে উন্মুক্ত করে সমতার পক্ষে এগনোর দিশায় চলুক রাজ্য।‘
কেরালায় নির্বাচন হবে পশ্চিমবঙ্গের সঙ্গেই। বাম গণতান্ত্রিক ফ্রন্টের প্রধান প্রতিপক্ষ এ রাজ্যে কংগ্রেস নেতৃত্বাধীন জোট। বিজয়ন প্রসঙ্গে মণিশঙ্কর আয়ারের মন্তব্যের প্রতিবাদ জানাতে নেমেছেন কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। তবে সংবাদসংস্থার প্রশ্নে আয়ার ফের বলেছেন যে তিনি তাঁর মূল্যায়নে অনড়।
সংবাদসংস্থাকে আয়ার বলেছেন, ‘‘কংগ্রেস কর্মী হিসেবে আমি চাইব যাতে ইউডিএফ জয়ী হয়। আবার একজন গান্ধীবাদী হয়ে আমি চাইব সত্যি কথা বলতে। আমার ইচ্ছার ঊর্ধ্বে উঠে সত্যকেই বলতে হবে।’’
আয়ার বলেছেন, ‘‘আমি মনে করি পিনারাই বিজয়ন তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।’’
দীর্ঘদিনের রীতি ভেঙে পাঁচ বছর আগে কেরালায় ফেরত এসেছিল এলডিএফ সরকার। টানা দশ বছর মুখ্যমন্ত্রী রয়েছেন পিনারাই বিজয়ন। এই রাজ্যে প্রতি পাঁচ বছর অন্তর সরকার পরিবর্তন তিন দশকের বেশি সময় নিয়ম হয়ে থেকেছে।
তবে আয়ার বলেছেন যে তিরুবনন্তপুরমে তাঁর ভাষণে একটি বাক্যেরও অর্ধেক খরচ করেছিলেন বিজয়নের পুনর্নির্বাচন সম্পর্কে। অথচ সংবাদমাধ্যম সেই অংশকেই বড় করে দেখাচ্ছে।’’
আয়ার বলেছেন, ‘‘রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী এমবি রাজেশের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছি। আমি কেরালার ভোটদাতা নই। কিন্তু দেশে একমাত্র এই রাজ্যকে চরম দারিদ্র থেকে মুক্ত করা গিয়েছে। তার বিবরণ রাজেশের থেকে শুনেছি। রাজেশ জানিয়েছেন বিশ্ব উষ্ণায়নের বিপদ মোকাবিলার জন্যও নির্দিষ্ট পরিকল্পনা করছে সরকার।’’
আয়ার বলেন, ‘‘বাস্তব সত্য হলো কেরালায় অনবদ্য কাজ করেছে এলডিএফ। অন্য কাউকে কেরালার মানুষ ভোটে জয়ী করবে মনে করতে পারছি না।’’
Comments :0