Sandeshkhali

রক্ত দান, করম উৎসব পালিত সন্দেশখালিতে

জেলা

"গাছ লাগান, জীবন বাঁচান"-এই স্লোগানকে সামনে রেখে সন্দেশখালি-২নং ব্লকের ৫নং দাড়িরজাঙ্গাল বিডি মিলন বাজার প্রাঙ্গণে রক্তদান শিবির এবং এই ব্লকের অধিনস্ত মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বিদ্যালয়গুলির সকল সম্প্রদায়ের কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা, করম পুজো ও রাতে সাদরি ভাষাভাষী আদিবাসী সম্প্রদায়ের চিরাচরিত ধামসা মাদল বোলের সাথে সাদরি ভাষায় রচিত গান নাচ ইত্যাদি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে রবিবার পালিত হয় সার্বজনীন করম উৎসব। পরিচালনায় সার্বজনীন করম উৎসব উদযাপন কমিটি।
শিবির উদ্বোধন করেন, কলকাতার এসএসকে এম হাসপাতালের চিকিৎসক ডাঃ স্বপন মণ্ডল ও সমাজসেবী বিলাস মণ্ডল। শিবিরে উপস্থিত থেকে করম উৎসবের তাৎপর্য তুলে ধরেন, সারাভারত খেতমজুর ইউনিয়ন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক, প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার। শিবিরে ১৫ জন মহিলা সহ ৫৫ জন রক্ত দান করেন। রক্ত গ্রহণ করে কলকাতার এস এস কে এম হাসপাতালের ব্লাড ব্যাংক।
করম উৎসব সম্পর্কে কয়েকটি প্রশ্নের উত্তরে অতি অল্প কথায় নিরাপদ সর্দার জানান সেকালের আর আজকের করম উৎসব কেমন? বলেন, আদিবাসী সমাজগুলির প্রধান কৃষি ও প্রকৃতির উৎসব হলো করম উৎসব। সেকালে এটি সম্পূর্ণভাবে গ্রামীণ প্রকৃতি ও প্রকৃতি - কেন্দ্রিক অনুশাসন মেনে পালিত হয়। 
সেকালের করম উৎসব কেমন ছিল? তিনি বলেন, সম্পূর্ণভাবে গ্রাম বা জঙ্গলের কাছাকাছি নিভৃতে পালিত হতো। কঠোর নিয়ম অনুযায়ী কুমারী মেয়েরা সাত বা নয় দিন ধরে উপবাস রেখে মাটির ট্যাল বা পাত্রে বীজ বুনতেন।
জঙ্গল থেকে যুবকরা করম গাছের ডাল এনে গ্রামের মাঝে পুঁতে প্রথাগত পুজো করতেন এবং সেখানে মাদল, ঢোল ও নাগাড়ার শব্দে রাতভর ঝুমুর ও করম নাচ চলত। কোনো কৃত্রিম আলোর বা মাইকের জাঁকজমক ছিল না।
একালের করম উৎসব এবং তার সার্বজনীন রূপ কেমন ?
এখন কেবল গ্রাম নয়, শহর ও মফস্বলেও ক্লাব বা সংগঠনের উদ্যোগে জনবহুল স্থানে করম পুজো ও মেলা হয়।
সরকারি স্বীকৃতি মিলেছে। বিভিন্ন রাজ্যে এই উৎসবের দিন সরকারি ছুটির দাবি ও সরকারি পৃষ্ঠপোষকতা বৃদ্ধি পেয়েছে। তবে ডিজিটাল প্রভাব বেড়েছে। মাইক, ডিজে সাউন্ড সিস্টেম এবং আধুনিক আলোর মালায় রাতজাগা উৎসবের রূপ পাল্টেছে। সামাজিক মাধ্যমে ছবি বা রিল শেয়ার করার চল বেড়েছে।
উদযাপন কমিটির পক্ষে সুভাষ সর্দার বলেন, মূল ভাবনার স্থায়িত্ব সেভাবে ধরা না পড়লেও সাজসজ্জা ও আয়োজনে আধুনিকতা এলেও ভালো ফসল ও সুস্বাস্থ্যের কামনায় করম ডাল পুজো করার মূল ঐতিহ্য ও আদিবাসী সংস্কৃতিতে তার আবেদন আজও অক্ষুণ্ণ আছে। কেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ করম পুজো করে? সান্ধ্য আসলে গল্পের মধ্যে দিয়ে করম পুজোর প্রচলন সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন সনাতন সর্দার। এরপর শুরু হয় নাচ গান। সূর্য উদয়ের প্রাক্ মুহূর্তে করম গাজের ডাল নদীতে বিসর্জন দেওয়ার পর উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।

Comments :0

Login to leave a comment