গত ১৫ মার্চ পশ্চিমবঙ্গে ২৯৪টি আসনে ভোট ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচনের দিন ঘোষণা হয়ে যায় সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ না করেই। গত ২৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল। সেই তালিকায় ছিল রাজ্যে ৬০ লক্ষের বেশি বিবেচনাধীন ভোটার। বিবেচনাধীন তালিকা নিষ্পত্তির কাজ করছেন ৭০৫ জন বিচার বিভাগীয় আধিকারিক। সেই ৬০ লক্ষের মধ্যে বৈধ ভোটারদের তালিকা প্রকাশ করার কথা ছিল গত শুক্রবার অথবা শনিবার জানিয়েছিলেন কমিশনের আধিকারিকরা। বিবেচনাধীনের মধ্যে কারা ভোটাধিকার পাচ্ছেন, তা অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের পরই বোঝা যাবে। যদিও বাস্তবে সেই তালিকা প্রকাশ হয়নি। তবে কমিশন সূত্রে খবর আগামী কাল অর্থাৎ সোমবার প্রকাশ হতে পারে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। যাঁদের যোগ্য বলে বিবেচনা করছেন বিচার বিভাগীয় আধিকারিকরা তাঁদের নামই কেবল সাপ্লিমেন্টারি লিস্টে রাখা হবে। তবে তালিকার প্রকাশের আগে অশান্তি এড়াতে জেলাগুলিকে সতর্ক করেছে নবান্ন। বুথে বুথে আঁটসাট নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন সূত্রে খবর ৬০ লক্ষের বেশি ‘বিচারাধীন’ ভোটারের মধ্যে ২৮ লক্ষের বেশি নিষ্পত্তি হয়েছে। এঁদের মধ্যে কারা ভোটাধিকার পাচ্ছেন, তা অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের পরই বোঝা যাবে। কমিশন জানিয়েছে জেলা শাসক দপ্তরে এবং বুথগুলিতেও সাপ্লিমেন্টারি ভোটার তালিকার হার্ড কপি থাকবে। এছাড়াও eci.gov.inএবং eci netএ্যাপে দেখা যাবে তালিকা। দুটি তালিকা প্রকাশ হবে একটা যাদের নাম তালিকায় যুক্ত হয়েছে। আরেকটি যাদের নাম বাদ যাবে।
ইতিমধ্যেই নির্বাচনকে কেন্দ্র করে গোটা রাজ্যেই এসে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে রাজ্যে। আগামীতে আরও বাহিনী আসতে চলেছে খবর নির্বাচন কমিশন সূত্রে। জানা গেছে আগামী ৩১ মার্চের মধ্যে রাজ্যে আসছে আরও ৩০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচনের আগে রাজ্যে আসবে আরও ১ হাজার ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কমিশন সূত্রে আরও খবর, এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গে সব মিলিয়ে মোট ২ হাজার ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে রাজ্যে। রাজ্যে মোট ৮৪ জন পুলিশ অবজার্ভার থাকবেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কমিটি তৈরি করেছে। এই কমিটি ঠিক করবে কোথায় কত বাহিনী মোতায়েন করা হবে। কীভাবে কাজ করবে কেন্দ্রীয় বাহিনী।
রবিবার কমিশন সূত্রে জান গেছে, ৬০ লক্ষের বেশি ‘বিচারাধীন’ ভোটারের মধ্যে এদিন সন্ধ্যা পর্যন্ত ২৮ লক্ষ ৬ হাজারের নিষ্পত্তি হয়েছে। প্রথম তালিকায় সেই নামগুলি থাকবে। এর পর বাকি নামের তালিকা প্রকাশ করা হবে প্রতি শুক্রবার। কমিশন জানিয়েছে, আগামী ৬ এপ্রিলের মধ্যে বিবেচনাধীন থাকা মোট ৬০ লক্ষ নামের নিষ্পত্তির চেষ্টা হচ্ছে।
কমিশন সূত্রে খবর, তালিকায় কাদের নাম ভোটার তালিকায় উঠল, কাদের উঠল না, তা জানতে পারবেন ভোটাররা। তালিকায় যাদের নাম বাদ পড়বে তাঁরা ট্রাইব্যুনালে আবেদন করে নাম তুলতে পারবেন।
Comments :0