SC on Re-Arrest

কারণ না দেখিয়ে বারবার গ্রেপ্তারি সংবিধান লঙ্ঘন, বলল সুপ্রিম কোর্ট

জাতীয়

কোনও কারণ না দেখিয়ে গ্রেপ্তার করা হলে সংবিধানের ২২(১) ধারা লঙ্ঘন করা হয়। ধৃত ব্যক্তি ছাড়া পেয়ে গেলে ফের গ্রেপ্তারির জন্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে। সোমবার, ২১ সেপ্টেম্বর, এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
দুই বিচারপতি উজ্জ্বল ভুইঞাঁ এবং অতুল চন্দুরকরের বেঞ্চের নির্দেশ, কারণ না দেখিয়ে গ্রেপ্তার করা হলে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। 
আইনজ্ঞদের মতে, এই রায় গুরুত্বপূর্ণ। কারণ না দেখিয়ে গ্রেপ্তারির প্রবণতাতেও বাধা দেবে এই রায়। সংবিধানের ২২(১) ধারা অনুযায়ী কাউকে গ্রেপ্তার করা হলে সংশ্লিষ্ট ব্যক্তির জানার অধিকার রয়েছে কী কারণে এই পদক্ষেপ। 
এদিন বেঞ্চের নির্দেশ, প্রথম গ্রেপ্তারির সময় কারণ না দেখানোয় যে ব্যক্তি ছাড়া পেয়েছে দ্বিতীয়বার গ্রেপ্তারির আগে লিখিত কারণ জানাতে হবে পুলিশকে। বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের অনুমতি নিতে হবে তার আগে। বেঞ্চ বলেছে, ‘‘একবার সংবিধানের ২২(১) লঙ্ঘন করা হলে সেই একই সংস্থাকে ফের নিজের সিদ্ধান্তে গ্রেপ্তারি করতে দেওয়া অনুচিত। অতীতে মিহির রাজেশ শাহ বনাম মহারাষ্ট্র সরকার মামলায় সুপ্রিম কোর্ট যে নির্দেশিকা দিয়েছিল তা মানতে হবে।’’ 
সুপ্রিম কোর্ট বলেছে, ‘‘ম্যাজিস্ট্রেট যদি সন্তুষ্ট হন যে প্রথমবার গ্রেপ্তারির সময় কারণ দেখাতে না পারার বাস্তবসম্মত যুক্তি রয়েছে তবেই তিনি তদন্তকারী সংস্থাকে গ্রেপ্তারির অনুমতি দেবেন।’’ পাশাপাশি বলা হয়েছে, ‘‘প্রশাসনকে দেখতে হবে প্রথমবার সংবিধানের ২২(১) ধারা লঙ্ঘনে যে আধিকারিক দায়ী দ্বিতীয়বার তাঁকে যেন দায়িত্ব দেওয়া না হয়। অন্য কোনও আধিকারিককে তদন্তের দায়িত্ব দিতে হবে। সেই সঙ্গে সংবিধানের ধারা লঙ্ঘনের জন্য সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়া শুরু করতে হবে।’’

Comments :0

Login to leave a comment