Snake Bite

মহারাষ্ট্রে স্কুলের হস্টেলে সাপের কামড়ে ৩ ছাত্রীর মৃত্যু, চিকিৎসাধীন ৩

জাতীয়

মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলার জপটলাই গ্রামের আবাসিক এক স্কুলের হস্টেলে বিষধর সাপের কামড়ে তিন আদিবাসী ছাত্রীর মৃত্যু হয়েছে। আরও তিন ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন। কর্তৃপক্ষ এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। জেলা প্রশাসনের এক আধিকারিক সোমবার জানিয়েছেন, ধনোর তালুকা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে জপটলাই গ্রামে অবস্থিত সরকারি সাহায্যপ্রাপ্ত আদিবাসী আবাসিক বিদ্যালয়ের হস্টেলে রবিবার মধ্যরাতে এই ঘটনাটি ঘটে।
জানা গেছে, স্কুলের হস্টেলে মেঝেতে ঘুমন্ত নাবালিকা ছাত্রীদের একটি বিষধর সাপ কামড়ে দেয়। ৮,  ১২ এবং ১৪ বছর বয়সী তিন ছাত্রীর মৃত্যু হয়েছে। তারা আরও জানায়, ১১ থেকে ১৪ বছর বয়সী আরও তিন ছাত্রী চিকিৎসাধীন রয়েছে। জেলা শাসক অবিশ্যন্ত পান্ডা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে  ঘটনাটি কীভাবে ঘটল, ছাত্রীদের আবাসনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল কিনা এবং স্কুল কর্তৃপক্ষ প্রয়োজনীয় নিরাপত্তা বিধি ও সতর্কতা অবলম্বন করেছিল কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত করা হবে। তিনি বলেন, বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে। বর্তমানে তিনজন ছাত্রী চিকিৎসাধীন রয়েছে। তাদেরকে তাৎক্ষণিকভাবে বিষনাশক ঔষধ দেওয়া হয়েছে এবং চিকিৎসকরা তাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি বলেছেন যে আদিবাসী উন্নয়ন বিভাগের দল ঘটনাস্থল পরিদর্শন করবে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে। তদন্তের সময় যদি কোনো ত্রুটি পাওয়া যায়, তবে নিয়ম অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 
সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে,  ঘটনাটি রবিবার রাত ২টো নাগদ ঘটে। হোস্টেলের একটি কক্ষে প্রায় ৭৯ জন ছাত্রী ঘুমিয়ে ছিল। হঠাৎ, একটি সাপ ঘরে ঢুকে তাদের কয়েকজনকে কামড় দেয়। এই ঘটনায় হোস্টেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চিকিৎসাধীন অবস্থায় দুই ছাত্রীর মৃত্যু হয়। গুরুতর অবস্থায় থাকা আরেক ছাত্রীকে গড়চিরোলি জেলা হাসপাতালে পাঠানো হলেও,  চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। বাকি ছাত্রীদের চিকিৎসা চলছে। দীপিকা বিটকুসাই মাদাবী নামের এক ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এই ঘটনার পর হোস্টেলের অন্যান্য ছাত্রীদের মধ্যে ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

Comments :0

Login to leave a comment