Umar Khalid

দিল্লি হাইকোর্টে উমর খালিদের জামিন মামলার শুনানি পিছালো

জাতীয়

উমর খালিদ ও শারজিল ইমামের জামিনের আবেদনের শুনানি ফের মুলতুবি হলো। টানা প্রায় ছয় বছর এই দু’জনকে বন্দি করে রাখা হলেও বিচার প্রক্রিয়া শুরু হয়নি।
সোমবার দিল্লি হাইকোর্টের তরফে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত উমর খালিদদের জামিন মামলায় স্থগিতাদেশ দেওয়া হয়। ২০২০’র দিল্লির সান্প্রদায়িক হিংসায় ‘বৃহত্তর ষড়যন্ত্র’ করার অভিযোগে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের গবেষক-ছাত্র উমর খালিদের বিরুদ্ধে কড়া আইনে মামলা করা হয়। প্রতিবাদী শারজিল ইমামের বিরুদ্ধেও মামলা করা হয়। জামিন অযোগ্য অপরাধের অভিযোগ জানিয়ে দু’জনকেই গ্রেপ্তার করে দিল্লি পুলিশ।  
সোমবার দিল্লি হাইকোর্টে অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু অসুস্থ জানিয়ে সরকারের তরফে আদালতের কাছে সময় দেওয়ার জন্য আবেদন জানানো হয়। সরকার পক্ষের সেই অনুরোধ মেনেই বিচারপতি প্রতিভা এম সিং এবং বিচারপতি দীনেশ ভাটের ডিভিশন বেঞ্চ মামলাটির শুনানি মুলতবি রাখেন। 
এর আগে, ৪ জুলাই বিচার আদালতে জামিনের আবেদন খারিজ করে দেওয়া হলে উমর খালিদরা হাইকোর্টের দ্বারস্থ হন। 
উল্লেখ্য, ইউএপিএ আইনের অধীনে পরপর শারজিল ইমামকে এবং উমর খালিদকে গ্রেপ্তার করা হয়। দিল্লির সাম্প্রদায়িক হিংসায় ৫৩ জনের মৃত্যু হয়। ৭০০ জন আহত হন। 
এর আগেও, বিভিন্ন আদালত উমরদের জামিনের আবেদন খারিজ করে দেয়। বিনা বিচারে উমর খালিদকে আটকে রাখার ঘটনায় বিভিন্ন সময়েই প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্রের সরকার। দিল্লি পুলিশকে নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

Comments :0

Login to leave a comment