কয়লা পাচার মামলার তদন্তে নেমে আই-প্যাক (I-PAC) দপ্তরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তল্লাশিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ‘বাধা’ দেওয়ার অভিযোগ সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চে মামলাটি উঠলে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, এই বিষয়ে একটি অতিরিক্ত হলফনামা জমা দেওয়া হবে। এর পরেই আদালত শুনানির পরবর্তী তারিখ ১৮ মার্চ ধার্য করে।
গত ৮ জানুয়ারি কলকাতায় আই-প্যাক এবং তার ডিরেক্টর প্রতীক জৈনের দপ্তরে তল্লাশি চালায় ইডি। তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূলের শীর্ষ নেতা এবং পুলিশের আধিকারিকদের নিয়ে সেখানে উপস্থিত হন এবং ইডি আধিকারিকদের কাজে বাধা দেন।
ইডির দাবি, মুখ্যমন্ত্রী নিজে তল্লাশি স্থল থেকে নথিপত্র এবং ইলেকট্রনিক ডিভাইস সরিয়ে নিয়ে গেছেন, যা তদন্তের গুরুত্বপূর্ণ প্রমাণ ছিল।
কেন্দ্রীয় সংস্থার কাজে রাজ্য পুলিশের হস্তক্ষেপ এবং ইডি আধিকারিকদের বিরুদ্ধে পাল্টা এফআইআর দায়ের করার বিষয়টিকে অত্যন্ত গুরুতর বলে চিহ্নিত করেছিল শীর্ষ আদালত।
গত ১৫ জানুয়ারি আদালত এই মামলা প্রসঙ্গে জানায় যে, একটি কেন্দ্রীয় সংস্থার তদন্তে পুলিশ প্রশাসন কতটা হস্তক্ষেপ করতে পারে, তা খতিয়ে দেখা প্রয়োজন। আদালত ইডি আধিকারিকদের বিরুদ্ধে রাজ্য পুলিশের দায়ের করা এফআইআর-এর ওপর স্থগিতাদেশ জারি করেছে।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইডির এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি সামনেই বিধানসভা নির্বাচন। তৃণমূলের দাবি, কয়লা পাচারের তদন্তের দোহাই দিয়ে আসলে তাদের নির্বাচনী রণকৌশল সংক্রান্ত গোপন তথ্য হাতিয়ে নিতে চাইছে বিজেপি নিয়ন্ত্রিত ইডি।
আই-প্যাক তৃণমূলের নির্বাচনী কৌশলী হিসেবে কাজ করে। তাদের ওপর চাপ সৃষ্টি করে দলের নির্বাচনী প্রস্তুতি বিঘ্নিত করার চেষ্টা চলছে বলে তৃণমূল অভিযোগ করেছে।
I-Pac
১৮ মার্চ হবে আই-প্যাক মামলা শুনানি
×
Comments :0