বিশিষ্ট বামপন্থী আইনজীবী তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে বৃহস্পতিবার ভোরে হামলার অভিযোগ উঠেছে। এদিনের সকালে তার বাড়িতে এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ‘অল ইন্ডিয়া ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন ফর জাস্টিস’ (আইলাজ)। সংগঠনের অভিযোগ, রাজ্যে একের পর এক আইনজীবীর উপর হামলার ঘটনা বিচারব্যবস্থা এবং আইনের শাসনের উপর সরাসরি আঘাতের ইঙ্গিত দিচ্ছে।
এক বিবৃতিতে আইলাজের পক্ষ থেকে বলা হয়েছে, গত ২২ সেপ্টেম্বর বারুইপুর আদালত চত্বরে আইনজীবী সায়ন ব্যানার্জির উপর হামলার পর গত ৩ অক্টোবর রাতে আইনজীবী শামীম আহমেদ-সহ কয়েকজন আইনজীবীর উপর হামলার ঘটনা ঘটেছে। সংগঠনের দাবি, পরপর এই ঘটনাগুলি প্রমাণ করছে যে বিচারব্যবস্থা ও আইনের শাসনকে ভয় দেখানোর চেষ্টা চলছে।
আইলাজের অভিযোগ, সাধারণ মানুষের উপর প্রতিদিন যে আক্রমণ চলছে, তার বিরুদ্ধে যাতে তাঁরা আদালতের দ্বারস্থ হতে না পারেন এবং বিচারপ্রার্থীদের হয়ে আইনজীবীরা যাতে মামলা লড়তে বা সওয়াল করতে ভয় পান, সেই উদ্দেশ্যেই আইনজীবীদের উপর হামলা চালানো হচ্ছে। সংগঠনের বক্তব্য, এর ফলে রাজ্যে ‘অন্ধকার রাজত্বের’ সূচনা হয়েছে।
বিবৃতিতে আরও অভিযোগ করা হয়েছে, নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে বিরোধী দলের অফিস, বাড়ি এবং ব্যক্তিদের উপর প্রায় প্রতিদিনই হামলার ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে সংগঠনটি। তাদের দাবি, প্রশাসনের নীরবতা শুধু বেআইনি কার্যকলাপকে প্রশ্রয় দিচ্ছে না, সংবিধান প্রদত্ত গণতান্ত্রিক ব্যবস্থারও পরিপন্থী।
আইলাজের বক্তব্য, আইনজীবীরা যদি নিরাপত্তা না পান, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তাও প্রশ্নের মুখে পড়বে। সংগঠনের আশঙ্কা, পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না হলে ভবিষ্যতে আদালত কক্ষের নিরাপত্তাও বিঘ্নিত হতে পারে এবং গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ বিচারব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা হতে পারে।
এই পরিস্থিতিতে চার দফা দাবি জানিয়েছে আইলাজ। সংগঠনের দাবি, অবিলম্বে হামলায় জড়িত দুষ্কৃতকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি, হামলাকারীদের মদত দেওয়ার অভিযোগে পুলিশ-প্রশাসনের কর্তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
এছাড়াও, নৈরাজ্য সৃষ্টির অভিযোগে বিজেপি নেতৃত্বের উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং অবিলম্বে রাজ্যে ‘অ্যাডভোকেটস প্রোটেকশন অ্যাক্ট’ প্রণয়নের দাবি জানিয়েছে সংগঠনটি।
আইলাজের দাবি, উদ্ভূত পরিস্থিতির দায় রাজ্য সরকারকে নিতে হবে এবং রাজ্যে গণতান্ত্রিক পরিসর যাতে কোনওভাবেই সংকুচিত না হয়, তার জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ করতে হবে। অন্যথায় রাজ্যের আইনজীবী এবং গণতন্ত্রপ্রিয় মানুষ বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
Bikash Ranjan Bhattacharya
বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার অভিযোগ, তীব্র নিন্দা আইলাজের
×
Comments :0