BJP Uttar Pradesh

পশ্চিম উত্তরপ্রদেশে সংগঠনের কাজ পর্যালোচনা, বিধানসভা ভোটের প্রস্তুতিতে নীতীন নবীন

জাতীয়

আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পশ্চিম উত্তরপ্রদেশ সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন। মঙ্গলবার তার দু’দিনের সফরের দ্বিতীয় ও শেষ দিনে সাহারানপুরে দলীয় নেতাদের সঙ্গে একাধিক বৈঠকে বসেন তিনি। পশ্চিম উত্তরপ্রদেশে দলের সাংগঠনিক কাজকর্ম পর্যালোচনার পাশাপাশি নির্বাচনী প্রস্তুতি নিয়েও আলোচনা করেন বিজেপি সভাপতি।
প্রাক্তন সাংসদ রাঘব লাখন পাল শর্মা জানান, এদিন পশ্চিম উত্তরপ্রদেশের প্রাক্তন বিজেপি সাংসদ, প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তন বিধান পরিষদ সদস্যদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে নীতীন নবীনের। ওই বৈঠকে এলাকার রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচনী সমীকরণ নিয়ে তাদের মতামত ও পরামর্শ নেওয়া হবে।
এরপর রাজ্য ও আঞ্চলিক স্তরের পদাধিকারী, জেলা সভাপতি, জেলা ইনচার্জ এবং জেলা সাধারণ সম্পাদকদের সঙ্গেও বৈঠক করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। বৈঠকগুলিতে দলের বর্তমান সাংগঠনিক পরিস্থিতি, বুথস্তরের কার্যকলাপ এবং আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা।
রাঘব লাখন পাল শর্মা জানান, পশ্চিম উত্তরপ্রদেশের ৭১টি বিধানসভা আসনকে সামনে রেখে নীতীন নবীনের এই সফর বিজেপির সাংগঠনিক প্রস্তুতির অংশ। বুথস্তরে সংগঠনকে আরও সক্রিয় করা এবং নির্বাচনের আগে দলীয় কাঠামোকে শক্তিশালী করার বিষয়টি বৈঠকে বিশেষ গুরুত্ব পাবে বলে জানা গিয়েছে।
এদিন সাহারানপুরে পৌঁছনোর পথে নাগল, কোলকি টোল প্লাজা এবং গ্রেড রিসর্ট-সহ একাধিক জায়গায় নীতীন নবীনকে স্বাগত জানান বিজেপি নেতা-কর্মীরা। তার যাত্রাপথে বিভিন্ন জায়গায় হোর্ডিং ও ব্যানার লাগানো হয়।
বিজেপি সূত্রে খবর, দলের সর্বভারতীয় সভাপতির সফর ঘিরে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা গিয়েছে। সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি আগামী দিনের নির্বাচনী কৌশল নিয়েও এদিনের বৈঠকগুলিতে আলোচনা হওয়ার কথা।
আগামী বছর উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। গোটা দেশ সহ উত্তরপ্রদেশে চাপে রয়েছে বিজেপি। নারী নিরাপত্তা সহ একাধিক বিষয় নিয়ে রাজ্যে সমালোচনায় পড়েছে যোগী সরকার। যেই রাম মন্দিরকে কেন্দ্র করে গোটা দেশে বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিষ ছড়িয়েছে, সেই রাম মন্দিরের প্রনামী চুরি নিয়ে বিপাকে পড়েছে বিজেপি।

Comments :0

Login to leave a comment