রাম মন্দিরের অনুদান তছরুপের অভিযোগ নিয়ে সংসদে সরকার জবাব দিতে চাইছে না বলে অভিযোগ তুললেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তার দাবি, সরকার বিষয়টিকে রাজ্যের বিষয় বলে এড়িয়ে যাচ্ছে। অথচ লোকসভা নির্বাচনের আগে রাম মন্দিরকে সামনে রেখে রাজনৈতিক ফায়দা তুলতে বিজেপি দ্বিধা করেনি।
বুধবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংসদে চলতে থাকা অচলাবস্থা নিয়েও কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, ‘সংসদই সেই জায়গা, যেখানে সরকারকে মানুষের প্রশ্নের উত্তর দিতে হয় এবং বিবৃতি দিতে হয়। কিন্তু সরকার মানুষের প্রতি নিজেদের দায়িত্বশীল মনে করছে না।’
দিল্লিতে নিট বিক্ষোভকারীদের উপর পুলিশি পদক্ষেপের অভিযোগ তুলেও সরব হন কংগ্রেসের সাংসদ। তার দাবি, শুধু দিল্লি নয়, দেশের বিভিন্ন প্রান্তে যুবসমাজ বিক্ষোভে নেমেছিল। তাদের উপর লাঠিচার্জ, কাঁদানে গ্যাস এবং পেলেট গান ব্যবহার করা হয়েছে। বিহারে বিক্ষোভকারীদের বিরুদ্ধে এ কে-৪৭ ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
প্রিয়াঙ্কার প্রশ্ন, ‘এরকম ঘটনা কীভাবে ঘটলো, তার জবাব দেওয়ার প্রয়োজনও কি সরকারের নেই? কে নির্দেশ দিয়েছিল?’
রাম মন্দিরের অনুদান নিয়ে অভিযোগ প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, মন্দির নির্মাণের জন্য গোটা দেশ থেকে মানুষ অনুদান দিয়েছিলেন। তার কথায়, ‘মানুষ বিশ্বাস থেকে অনুদান দিয়েছেন। দরিদ্র মানুষও অনুদান দিয়েছেন, কারণ তাদের বলা হয়েছিল, এই অর্থ মন্দিরের জন্য।’
তিনি আরও বলেন, ভগবান রামের প্রতি মানুষের বিশ্বাস শুধু ভারতেই সীমাবদ্ধ নয়। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডেও বহু মানুষের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে রামের নাম যুক্ত। সেই কারণে এই বিষয়টিকে শুধুমাত্র একটি রাজ্যের বিষয় বলে সংসদে জবাব এড়িয়ে যাওয়া যায় না বলে দাবি তার।
বিজেপিকে আক্রমণ করে প্রিয়াঙ্কা বলেন, ‘নির্বাচনের আগে যখন রাম মন্দিরকে ঘিরে প্রচার চালিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে হয়েছিল, তখন এটি রাজ্যের বিষয় ছিল না। এখন কেন রাজ্যের বিষয় হয়ে গেল?’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাম মন্দির উদ্বোধনের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। প্রিয়াঙ্কার বক্তব্য, প্রধানমন্ত্রী কোনও একটি রাজ্যের প্রধানমন্ত্রী নন, তিনি গোটা দেশের প্রধানমন্ত্রী। মন্দিরের উদ্বোধনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছিলেন। তাই অনুদানের বিষয়ে কেন্দ্রকে জবাব দিতে হবে বলেই দাবি করেন তিনি।
সংসদে অচলাবস্থার দায় কার এই প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রিয়াঙ্কা সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেন। তার প্রশ্ন, ‘ছাত্রদের উপর লাঠিচার্জ করা হলো, তাদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার করা হলো, বিহারে তাদের উপর এ কে-৪৭ ব্যবহার করা হলো স্বরাষ্ট্রমন্ত্রী কি দেশের মানুষের কাছে জবাবদিহি করবেন না? আমরা কি আপনাদের মতো চুপ করে বসে থাকব?’
রাম মন্দিরের অনুদান তছরুপের অভিযোগ এবং নিট বিক্ষোভকারীদের উপর পুলিশি পদক্ষেপ এই দুই ইস্যুকে সামনে রেখে কেন্দ্রকে চাপে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী জোট। এই দাবিতে বিরোধী সাংসদরা তিন সপ্তাহেরও বেশি সময় ধরে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সংসদে এসে উপস্থিত হতে হবে এবং সংশ্লিষ্ট ঘটনাগুলি নিয়ে বিবৃতি দিতে হবে।
Priyanka Gandhi
‘ভোটের আগে রাম মন্দির নিয়ে রাজনৈতিক ফায়দা, এখন কেন রাজ্যের বিষয়?’ রাম মন্দির নিয়ে বিজেপিকে নিশানা প্রিয়াঙ্কার
×
Comments :0