দক্ষিণবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরকে কলকাতার সঙ্গে দ্রুতগতির আঞ্চলিক পরিবহণ ব্যবস্থার মাধ্যমে যুক্ত করার প্রস্তাব করলেন শমীক ভট্টাচার্য। বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের কাছে West Bengal Regional Rapid Transit System (WB-RRTS) গড়ে তোলার জন্য একটি প্রাথমিক সম্ভাব্যতা-প্রস্তাব বিবেচনার আবেদন জানিয়েছেন।
কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রীকে লেখা চিঠিতে তিনি জানিয়েছেন, কলকাতাকে কেন্দ্র করে প্রস্তাবিত এই আরআরটিএস নেটওয়ার্কের মাধ্যমে কল্যাণী–কৃষ্ণনগর–মায়াপুর, বর্ধমান–দুর্গাপুর–আসানসোল, ফলতা–ডায়মন্ড হারবার–হলদিয়া এবং সাঁতরাগাছি–খড়্গপুর–মেদিনীপুর করিডরকে যুক্ত করার।
প্রস্তাব অনুযায়ী, কলকাতার ময়দানকে কেন্দ্রীয় হাব হিসেবে ধরে মোট চারটি আরআরটিএস করিডর গড়ে তোলার কথা বলা হয়েছে। প্রথম করিডরটি হবে কল্যাণী, কৃষ্ণনগর ও মায়াপুর পর্যন্ত, যার দৈর্ঘ্য প্রায় ১৩৫ কিলোমিটার। দ্বিতীয় করিডরটি বর্ধমান, দুর্গাপুর ও আসানসোল হয়ে যাবে, যার দৈর্ঘ্য প্রায় ২৩২ কিলোমিটার। এই করিডরের সঙ্গে আসানসোল মেট্রোকে সংযুক্ত করার প্রস্তাবও রয়েছে।
তৃতীয় করিডরে ফলতা, ডায়মন্ড হারবার ও হলদিয়াকে কলকাতার সঙ্গে যুক্ত করার কথা বলা হয়েছে। এই করিডরের দৈর্ঘ্য প্রায় ১০২ কিলোমিটার। এর সঙ্গে ময়দান থেকে বজবজ পর্যন্ত একটি মেট্রো ব্যবস্থাকে সংযুক্ত করার প্রস্তাব রয়েছে। চতুর্থ করিডরটি সাঁতরাগাছি, কোলাঘাট, খড়্গপুর ও মেদিনীপুর হয়ে যাবে, যার দৈর্ঘ্য প্রায় ১৩৫ কিলোমিটার। পাশাপাশি দুর্গাপুর ও আসানসোলের জন্য পৃথক মেট্রো ব্যবস্থার কথাও প্রস্তাবে করা হয়েছে।
চিঠিতে শমীক ভট্টাচার্য উল্লেখ করেছেন, পশ্চিমবঙ্গের নগর ও শিল্পাঞ্চলের একটি বড় অংশ কলকাতাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। অন্যদিকে দুর্গাপুর, আসানসোল, খড়্গপুর, কৃষ্ণনগর ও হলদিয়ার মতো শহর শিল্প, শিক্ষা, বন্দর ও পর্যটনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিকশিত হয়েছে। এই শহরগুলির মধ্যে যোগাযোগ বর্তমানে মূলত প্রচলিত রেল ও সড়কপথ নির্ভর। ফলে উচ্চ-ফ্রিকোয়েন্সির যাতায়াতের ক্ষেত্রে পরিকাঠামোগত চাপ তৈরি হচ্ছে বলে চিঠিতে দাবি করা হয়েছে।
এই পরিস্থিতিতে দিল্লি-এনসিআর অঞ্চলে এনসিআরটিসি-র নমো ভারত করিডরের আদলে দ্রুতগতির আঞ্চলিক পরিবহণ ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয়েছে। প্রস্তাবটির লক্ষ্য কলকাতার সঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের দ্রুত ও নিয়মিত যোগাযোগ তৈরি করা।
প্রস্তাবটি তৈরি করেছেন ট্রানজিট গবেষক সৌরদীপ সরকার ও অদ্রি রায় চৌধুরী। তাদের প্রস্তুত করা প্রাথমিক সম্ভাব্যতা রিপোর্টটি চিঠির সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রকের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সাংসদ।
Samik Bhattacharya
দক্ষিণবঙ্গে আরআরটিএস নেটওয়ার্কের প্রস্তাব শমীকের, কলকাতার সঙ্গে একাধিক শহরকে যুক্ত করার উদ্যোগ
×
Comments :0