রাজ্যে ক্ষমতা বদলের পর থেকেই সরকারি দপ্তরে দলীয় ঝান্ডা বাঁধা কিংবা তালা ঝোলানোর সংস্কৃতি ‘দস্তুর’ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এবার সৌজন্য ও সাংবিধানিক মর্যাদার সমস্ত সীমা লঙ্ঘন করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ধূপগুড়ি পৌর বাস টার্মিনাসে খোদ জাতীয় পতাকা উত্তোলনের স্ট্যান্ডে উড়ছে গেরুয়া শিবিরের দলীয় পতাকা। ঘটনাকে ঘিরে শহর জুড়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। সরব হয়েছে বাম নেতৃত্ব।
স্থানীয় সূত্রে খবর, ধূপগুড়ি পৌর বাস টার্মিনাস চত্বরের ছাদে নির্দিষ্ট বেদিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সেখানেই বিজেপির ঝান্ডা বেঁধে রাখা হয়েছে। সাধারণ মানুষের অভিযোগ, সরকারি সম্পত্তিতে দলীয় আধিপত্য কায়েম করতে গিয়ে দেশের জাতীয় পতাকার স্থানকেও রেয়াত করছে না বিজেপি। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
উল্লেখ্য, গত চার বছর ধরে ধূপগুড়ি পৌরসভায় কোনো নির্বাচিত বোর্ড নেই। গণতান্ত্রিক প্রক্রিয়াকে বুড়ো আঙুল দেখিয়ে তৎকালীন তৃণমূল সরকার নির্বাচন আটকে রেখেছিল। বর্তমানে পৌরসভার সমস্ত দায়িত্ব সামলাচ্ছেন মহকুমা শাসক। সরকারি আধিকারিকের নজরদারিতে থাকা একটি গুরুত্বপূর্ণ বাস টার্মিনাসে কীভাবে এই দুঃসাহসিক ঘটনা ঘটল, তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে। সাধারণ মানুষের প্রশ্ন, প্রশাসনের নাকের ডগায় এই ধৃষ্টতা দেখানোর সাহস পায় কোথা থেকে বিজেপি কর্মীরা?
এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সিপিআই(এম)-এর ধূপগুড়ি এরিয়া কমিটির সদস্য নির্মাল্য ভট্টাচার্য বলেন, "সরকারি চত্বরে এহেন বেআইনি কাজের বিরুদ্ধে প্রশাসন কেন নীরব? তৃণমূল ও বিজেপি—উভয় পক্ষই সরকারি অফিসকে দলীয় কার্যালয়ে পরিণত করার প্রতিযোগিতায় নেমেছে। নির্বাচন না হওয়ায় সাধারণ মানুষের কোনো প্রতিনিধি নেই, যার সুযোগ নিচ্ছে শাসক ও দক্ষিণপন্থী শক্তিগুলো।"
তিনি আরও দাবি করেন যে, তৃণমূল জমানায় গুন্ডামি আর বিজেপির জমানায় জাতীয় প্রতীকের অবমাননা—এই দুইয়ের যাঁতাকলে সাধারণ মানুষ পিষ্ট। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং পৌরসভার নির্বাচন করিয়ে গণতান্ত্রিক বোর্ড গঠন করতে হবে।
অন্যদিকে, বিজেপির স্থানীয় নেতৃত্ব বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও, সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে ঘটনার বেশ কয়েক ঘণ্টা পার হয়ে গেলেও কেন তড়িঘড়ি ঝান্ডা সরানো হলো না, তা নিয়ে প্রশাসনের সদিচ্ছা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
Dhupguri
জাতীয় পতাকার বেদিতে বিজেপির ঝান্ডা! ধূপগুড়িতে তুঙ্গে শাসক-বিরোধী তরজা
×
Comments :0