শ্রমিকদের সংসদ অভিযানের প্রসঙ্গ জানিয়ে শ্রম কোড বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবি। প্রধানমন্ত্রীকে বেবি লিখেছেন, ১-৩ ডিসেম্বর সংসদ অভিযান করবেন তাঁরা যাঁরা দেশের সম্পদ তৈরি করেন। সম্পদ চুঁইয়ে পড়া তত্ত্বের ব্যর্থতার শিকার হয়েছেন শ্রমজীবীরা। আপনার কাছে আবেদন, এই শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে কথা বলুন। শ্রম কোড বাতিল করুন, মজুরি এবং বেতন বাড়ান।
বেবি লিখেছেন, গত ২০ নভেম্বর বণিকসভা ‘ফিকি’-তে আপনার ভাষণ মনোযোগ দিয়ে শুনেছি। আপনি শিল্পমালিকদের জিজ্ঞাসা করেছেন, ‘‘কর্মচারীদের বেতন বাড়িয়েছেন? কর্মচারীর সংখ্যা বাড়িয়েছেন? না’। তারপর আপনিই যোগ করেছেন যে ‘‘আপনাদের খিদে এত বেশি যত দেওয়া হোক পেট ভরে না।’’
বেবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লিখেছেন, আপনার কথা থেকেই আপনার সরকারের নীতির অন্তর্বিরোধ স্পষ্ট হয়ে গিয়েছে। তারপরও দেশের শ্রমজীবী মানুষের পক্ষে সিদ্ধান্ত নিতে পারছে না আপনার সরকার।
বেবি লিখেছেন, আপনি ঠিক বলেছেন কর্পোরেট কর ছাড়ের কারণে তাদের বিপুল মুনাফার ভাগ সমাজকে দেয়নি। মূল কর্পোরেট কর ৩০ শতাংশ থেকে কমিয়ে ২২ শতাংশ করা হয়েছে। তবু শ্রমিক কর্মচারীদের প্রকৃত মজুরি কমে যাচ্ছে। ২০১৭-১৮ থেকে ২০২৩-২৪’র মধ্যে মূল্যবৃদ্ধিকে বিবেচনায় রাখলে বেতন ৬.৪ শতাংশ কমে গিয়েছে। অথচ কর্পোরেট মুনাফা ২৮.৭ শতাংশ বেড়েছে।
বেবি লিখেছেন, চারটি শ্রম কোড পাশ হয়েছে। তার মধ্যে রয়েছে বেতন কোড, শিল্প সম্পর্ক কোড, সামাজিক সুরক্ষা কোড এবং পেশাগত সুরক্ষা স্বাস্থ্য এবং কাজের পরিস্থিতি কোড। বেবি লিখেছেন, এই কোড চালু হওয়ার পর ব্যাপকভাবে চুক্তিশ্রম বাড়ছে। বাড়তি সময় কাজ করতে বাধ্য করা হচ্ছে শ্রমিকদের। সংগঠিত হওয়া বা ইউনিয়ন গড়ার অধিকারকে সঙ্কুচিত করা হয়েছে।
বেবি লিখেছেন, ২০২৬’র মার্চে যুব অংশের বেকারির হার ১৫.২ শতাংশে পৌঁছেছে। শহরের যুবদের ক্ষেত্রে এই হার ১৮.৯ শতাংশ।
বেবি লিখেছেন, আপনি শিল্প মালিকদের সভায় বলেছেন যে ১২ লক্ষ কোটি টাকা কর ছাড় দেওয়ার পরও কেন বেতন বাড়ছে না। আসলে সরকারকে ব্যবস্থা নিতে হয়, শিল্প মালিকদের কাছে আবেদন জানানো নয়। সরকারের উচিত ন্যূনতম বেতন মাসে ৪২ হাজার টাকা নিশ্চিত করা। প্রত্যেকের ন্যূনতম পেনশন নিশ্চিত করা।
M A Baby Prime Minister 'Parliament March"
শ্রমিকদের কথা শুনুন: ‘সংসদ অভিযান‘ প্রসঙ্গে মোদীকে চিঠি বেবির
×
Comments :0