প্রিয় বন্ধু ট্রাম্পের ফাঁদে পড়ে নরেন্দ্র মোদী যতই হাঁসফাঁস করুন স্বস্তির আশু কোনও সম্ভাবনা নেই। মিষ্টি কথা ভুলে মোদী যতই ট্রাম্পের সঙ্গে গলাগলি-কোলাকুলি করুন ট্রাম্প কিন্তু ‘জাতে মাতালে ঠিক’। মার্কিন সাম্রাজ্যবাদী স্বার্থের বাইরে গিয়ে তিনি মোদীদের একচুলও সুবিধা দেবেন না। এই অনিবার্য সত্যটা যত তাড়াতাড়ি মোদীরা উপলব্ধি করতে পারেন ততই দেশের পক্ষে মঙ্গল। তা না হলে ট্রাম্পের ছলনার জাল থেকে বেরোনো কঠিন। স্বঘোষিত বিশ্বগুরু ভাবছেন ট্রাম্পের সঙ্গে ভাব জমিয় বিশ্ব রাজনৈতিক মঞ্চে প্রভাব বাড়াবেন। অর্থনীতিতে বাড়তি সুবিধা পাবেন। ট্রাম্পের অনুগত হয়ে মার্কিন সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বৈশ্বিক পরিকল্পনার অংশ হয়ে ভারতকে চীনের সামনে চ্যালেঞ্জ হিসাবে প্রতিষ্ঠিত করবেন। একইভাবে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক ভূ-অর্থনীতি ও ভু-রাজনীতিতে দাদা হবেন।
ট্রাম্প তথা আমেরিকাকে ধরে অন্যতম শক্তিধর দেশ তথা শক্তিশালী অর্থনীতি হবার বাসনায় ইতিমধ্যেই আমেরিকার সামনে ভারতকে হাঁটু গেড়ে বসিয়েছেন। গত দেড়-দুই বছরে একাধিকবার ট্রাম্পের কাছে বেইজ্জত হতে হয়েছে। বারবার অপমানিত হয়েছে ভারত। অথচ একবারের জন্যও রুখে দাঁড়িয়ে শিরদাঁড়া সোজা করে প্রতিবাদ করার সাহস দেখাতে পারেননি মোদী। ট্রাম্প যত অপমান করেছে মোদীরা নীরবে তা হজম করেছেন। গোঁসা করে ঘরে বসে থেকেছেন এই আশায় কবে ট্রাম্প ফের ডাকবেন মিষ্টি মধুর কথার জালে মান ভঞ্জন করবেন।
মোদী তথা ভারতের বিরুদ্ধে ট্রাম্প শুধু কটু কথা বা অসম্মান-অপমান করেই ক্ষান্ত হননি। একই সঙ্গে কার্যত হুকুম জারি করে মোদী সরকারকে বাধ্য করেছেন তা তামিল করতে। মার্কিন মদতে ও সহায়তায় ইজরায়েল গাজা ভূখণ্ডের নিরন্তর গণহত্যা চালালেও মোদী ইজরায়েলের বিরুদ্ধে কোনও মন্তব্য করেনি বরং পরোক্ষে ইজরায়েলের সম্পর্ক আরও উন্নত করেছে। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ইরানের বিরুদ্ধে আমেরিকা-ইজরায়েলের অনাবশ্যক একতরফা যুদ্ধেও মোদীরা ছিলেন কার্যত নীরব দর্শক। যুদ্ধের বিরোধিতায় বা যুদ্ধ বন্ধে কোনও ভূমিকাই ছিল না ভারতের। উলটে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞাকে পরোক্ষে সমর্থন জানিয়ে ইরানের সঙ্গে দূরত্ব বাড়ায় ভারত। ইরান তেল কেনা বন্ধ করে। ইরানে ভারত থেকে রপ্তানিও কার্যত বন্ধ করে দেওয়া হয়। সবটাই আমেরিকার হুকুমকে মান্যতা দিয়ে ট্রাম্পকে খুশি করার জন্য। একইভাবে ট্রাম্পের ভয়ে রাশিয়া থেকেও সস্তার তেল কেনা কমিয়ে দিয়ে বেশি দামে আমেরিকা এবং ভেনেজুয়েলা থেকে তেল কেনা শুরু করে।
দীর্ঘ দেড় বছর ধরেও আমেরিকার শুল্ক আগ্রাসন নীরবে হজম করছে মোদী সরকার। পালটা পদক্ষেপ দূরের কথা কড়া প্রতিবাদ করতেও গলা কাঁপছে। দীর্ঘদিন ধরে ইন্দো-মার্কিন বাণিজ্য আলোচনা চলছে কার্যত মার্কিন শর্তে। আমেরিকা তাদের স্বার্থে আঘাত করে কোনও সমঝোতায় যেতে রাজি নয়। কৃষি ক্ষেত্রে, দুগ্ধজাত পণ্যে তারা ভারতের বাজার চায়। না পেলে চুক্তি ঝুলে থাকবে। মাঝে মাঝে আসবে হুমকি।
মোদীরা ভেবেছিলেন চীনের বিরুদ্ধে আমেরিকার কঠোর অবস্থানের সুযোগ নিয়ে আমেরিকার পাশে থেকে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় ও ভারত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের প্রভাবশালী অস্তিত্বের জানান দেবে চীনকে চাপে রাখার জন্য। তার জন্য কোথাও গ্রুপে সর্বাধিক সক্রিয় হয়ে উঠতে চেয়েছেন মোদীরা। কিন্তু ট্রাম্পের খামখেয়ালিপনায় পদে পদে হতাশ হতে হচ্ছে। একসময় কোয়াতে ভারতকে সামনে রেখে বিপুল উৎসাহ জুগিয়েছিল। ইদানিং আর সেই তাগিদ নেই। চীনের সঙ্গে সংঘাতের জায়গা থেকে খানিকটা সরে বোঝাপড়ার রাস্তায় হাঁটতে চাইছেন ট্রাম্প। ব্যাপারটা মোদীর কাছে গাছে তুলে মই কাঁড়ার মতো অবস্থা। এরপরও মোদীদের ট্রাম্প মোহ কাটছে না। চিরদিন স্বাধীন বিদেশ নীতি নিয়ে চলা ভারতকে মার্কিন অনুগত বানানোর প্রয়াস দেশের ভবিষ্যৎকে নড়বড়ে করে দেওয়া ছাড়া উপায় থাকবে না।
Editorial
মার্কিন ফাঁদে মোদীরা
×
Comments :0