Post Editorial

জাতীয় অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা আর কত অপেক্ষা করবে ভারত?

সম্পাদকীয় বিভাগ উত্তর সম্পাদকীয়​

ডাঃ ফুয়াদ হালিম
 

স্বাস্থ্যের অধিকার নিশ্চিত করতে এনএলইএম-এর নিয়মিত সংশোধন এখন সময়ের দাবি। ভারতের জনস্বাস্থ্য ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ নীতিগত ভিত্তি হলো জাতীয় অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বা ন্যাশনাল লিস্ট অব এসেনশিয়াল মেডিসিনস। এটি শুধু একটি ওষুধের তালিকা নয়; বরং এমন একটি নীতিপত্র, যা দেশের সাধারণ মানুষের জন্য কোন ওষুধ সর্বদা সহজলভ্য, নিরাপদ, কার্যকর এবং সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে তা নির্ধারণ করে। সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে কোটি কোটি মানুষের যে বিনামূল্যে বা স্বল্পমূল্যে চিকিৎসা পাওয়ার ব্যবস্থা আছে, তার কেন্দ্রবিন্দুতেই রয়েছে এই তালিকা।
কিন্তু উদ্বেগের বিষয় হলো, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে সর্বশেষ সংশোধনের পর গত প্রায় ৪ বছর ধরে এনএলইএম-এ কোনও সামগ্রিক পরিবর্তন আনা হয়নি। অন্যদিকে, এই সময়ের মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) তাদের মডেল লিস্ট অব এসেনশিয়াল মেডিসিনস ২০২৩ সালে একবার ও ২০২৫ সালে একবার- মোট দু’বার বর্তমান সময়ের উপযোগী বা আপডেট করেছে। বর্তমানে হু-এর তালিকায় রয়েছে ৫২৩টি ওষুধ, যেখানে ভারতের এনএলইএম-এ রয়েছে মাত্র ৩৮৪টি ওষুধ। এই ব্যবধান কেবল পরিসংখ্যানগত নয়; এর প্রভাব সরাসরি পড়ছে দেশের কোটি কোটি রোগীর চিকিৎসা, ওষুধের দাম এবং জনস্বাস্থ্য ব্যবস্থার ওপর।
প্রশ্ন হলো অত্যাবশ্যকীয় ওষুধ কেন এত গুরুত্বপূর্ণ? হু’-এর মতে, অত্যাবশ্যকীয় ওষুধ হলো সেই সব ওষুধ, যা একটি দেশের জনগণের অগ্রাধিকারভিত্তিক স্বাস্থ্য চাহিদা পূরণ করে। এই ওষুধগুলি সর্বদা পর্যাপ্ত পরিমাণে, উন্নত মান বজায় রেখে এবং মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে উপলব্ধ থাকা উচিত। ভারতের প্রেক্ষাপটে এই তালিকার গুরুত্ব আরও বেশি। কারণ এনএলইএম-এ অন্তর্ভুক্ত ওষুধগুলি শুধু সরকারি হাসপাতালগুলিতে বিনামূল্যে সরবরাহ করা হয় তা নয়, এগুলির ওপর ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (এনপিপিএ) মূল্যসীমাও নির্ধারণ করে বা মূল্য ধার্য করে। ফলে এই তালিকা দেশের ওষুধের মূল্য নিয়ন্ত্রণ, সরকারি ক্রয়নীতি এবং জনস্বাস্থ্য পরিষেবার অন্যতম ভিত্তি।
ভারতের সুপ্রিম কোর্ট সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে বর্ণিত জীবনের অধিকার-অধ্যায়ের মধ্যেই স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকারকে অন্তর্ভুক্ত করেছে। সেই অর্থে অত্যাবশ্যকীয় ওষুধের প্রাপ্যতা কোনও দয়া বা কল্যাণমূলক ব্যবস্থা নয়; এটি রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্বের মধ্যে পড়ে।
ভারতের ওষুধ ও চিকিৎসার সরঞ্জামের মূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক হস্তক্ষেপ দেশের ওষুধের দাম নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতাগুলিকে আবারও সামনে নিয়ে এসেছে। ওষুধ প্রস্তুতকারক থেকে বিক্রেতাদের কেনা দামের সঙ্গে সাধারণ মানুষের কাছে বিক্রির সর্বোচ্চ খুচরো মূল্যের (এমআরপি)-এর বিপুল পার্থক্য নিয়ে সুপ্রিম কোর্ট গভীর উদ্বেগ প্রকাশ করেছে। অত্যাবশ্যকীয় ওষুধ এবং হাসপাতালের চিকিৎসায় ব্যবহৃত সামগ্রীর ওপর এত বেশি মুনাফা রাখার যৌক্তিকতা নিয়েও আদালত প্রশ্ন তুলেছে। আদালত আরও জানতে চেয়েছে, নির্ধারিত ওষুধের ক্ষেত্রে খুচরো বিক্রেতাদের জন্য যে ১৬ শতাংশ মুনাফার সীমা রয়েছে, তা অন্য ওষুধের ক্ষেত্রেও কার্যকর করা যায় না কেন। একটি উদাহরণে আদালত উল্লেখ করেছে, যে চিকিৎসার সামগ্রী ১৫ টাকায় কেনা হয়, সেটিই ২৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। এটা কিভাবে হচ্ছে।
এই সমস্যার সঙ্গে ভারতের অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বা ন্যাশনাল লিস্ট অফ এসেনশিয়াল মেডিসিনস (এনএলইএম)-এর পুরানো তালিকার বিষয়টি গভীরভাবে জড়িত। এই তালিকা সর্বশেষ সংশোধন করা হয়েছিল ২০২২ সালে। এই তালিকার ভিত্তিতেই নির্দিষ্ট ওষুধের দাম নিয়ন্ত্রণ হয়। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের পরিবর্তন, নতুন ওষুধ এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে তাল মিলিয়ে এই তালিকা নিয়মিত সংশোধন না হওয়ায় বহু গুরুত্বপূর্ণ ওষুধ মূল্য নিয়ন্ত্রণের বাইরে থেকে যাচ্ছে। একইভাবে, চিকিৎসার বিভিন্ন যন্ত্রপাতি ও ব্যবহার্য সামগ্রীর দামও যথাযথভাবে নিয়ন্ত্রিত নয়। তাই এনএলইএম-এর- নিয়মিত সংশোধন এবং ওষুধ ও চিকিৎসার সরঞ্জামের উপর সার্বিক মূল্য নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। কারণ, সাশ্রয়ী মূল্যে চিকিৎসা পাওয়া মানুষের অধিকার, কোনও বাণিজ্যিক সুযোগ বা মুনাফা অর্জনের ক্ষেত্র এটি নয়।
চার বছরের বিলম্ব কেন উদ্বেগজনক?
চিকিৎসাবিজ্ঞান প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। নতুন রোগের আবির্ভাব, পুরানো রোগের পরিবর্তিত প্রকৃতি, অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং নতুন ওষুধের আবিষ্কার—সব মিলিয়ে স্বাস্থ্যসেবা একটি চলমান প্রক্রিয়া। এই কারণেই হু’ প্রতি দুই বছর অন্তর তাদের অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা পুনর্বিবেচনা করে। বৈজ্ঞানিক গবেষণা, ক্লিনিক্যাল ট্রায়াল, ব্যয়-সাশ্রয়, রোগের প্রকোপ এবং জনস্বাস্থ্যের চাহিদা বিশ্লেষণ করে তালিকা সংশোধন করা হয়।
কিন্তু ভারতের এনএলইএম দীর্ঘদিন অপরিবর্তিত থাকায় আধুনিক চিকিৎসা ও সরকারি স্বাস্থ্যনীতির মধ্যে একটি উদ্বেগজনক ব্যবধান তৈরি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্যান্সার ও ডায়াবেটিস রোগীরা। সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গেছে, হু’-এর নতুন তালিকায় অন্তর্ভুক্ত ১৭টি ক্যানসার বিরোধী ওষুধ, ৪টি সহায়ক ক্যানসার চিকিৎসার ওষুধ এবং ৯টি মনোক্লোনাল অ্যান্টিবডি ভারতের এনএলইএম তালিকায় এখনও নেই।
একথা বলা যায় যে মনোক্লোনাল অ্যান্টিবডি আজকের ক্যানসার চিকিৎসার অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র। একইভাবে ডায়াবেটিস সহ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগের ক্ষেত্রেও উন্নত ওষুধ আন্তর্জাতিক চিকিৎসা মানের অংশ হয়ে উঠেছে। এই ওষুধগুলি এনএলইএম তালিকায় না থাকায় সেগুলির ওপর মূল্য নিয়ন্ত্রণ কার্যকর হয় না। ফলে রোগীদের অত্যন্ত উচ্চমূল্যে ওষুধ কিনতে হয় অথবা অনেক ক্ষেত্রেই চিকিৎসা অসম্পূর্ণ রেখে দিতে হয়। ব্লাড প্রেসার থেকে থাইরয়েড সহ বহু গুরুত্বপূর্ণ ওষুধ যা প্রতিদিন লক্ষ্য লক্ষ্য মানুষ গ্রহণ করেন— বিশেষ করে সেই সব ওষুধেরই দাম নিয়ন্ত্রণের মধ্যে থাকছে না, সরকারের সেই চেষ্টাও নেই।
জনস্বাস্থ্যের পরিবর্তিত বাস্তবতা
গত কয়েক বছরে ভারতের স্বাস্থ্যচিত্র আমূল বদলে গেছে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ক্যানসার, কিডনি রোগ এবং মানসিক অসুস্থতার মতো অসংক্রামক রোগ এখন মৃত্যুর অন্যতম প্রধান কারণ। পাশাপাশি অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) বিশ্বব্যাপী বড় স্বাস্থ্য সঙ্কটে পরিণত হয়েছে। অন্যদিকে, চিকিৎসাবিজ্ঞানে বায়োলজিকাল ওষুধ, টার্গেটেড থেরাপি, উন্নত ইনসুলিন, নতুন টিকা এবং প্রিসিশন মেডিসিন বা নির্দিষ্টভাবে চিকিৎসার মানকে আমূল বদলে দিয়েছে। এই পরিবর্তিত বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে এনএলইএম-ও নিয়মিত সময়োপযোপী বা আপডেট হওয়া অপরিহার্য।
অর্থনৈতিক বৈষম্য আরও বাড়ছে
ভারতে স্বাস্থ্যখাতে ব্যক্তিগত ব্যয়ের সবচেয়ে বড় অংশ ওষুধ কেনার পেছনে খরচ হয়। এনএলইএম তালিকার বাইরে থাকা ওষুধগুলির ওপর মূল্য নিয়ন্ত্রণ না থাকায় সাধারণ মানুষকে বাজার দরে ওষুধ কিনতে হয়। একই সঙ্গে সরকারি হাসপাতালগুলিও অনেক ক্ষেত্রে সেই ওষুধ সংগ্রহ করতে পারে না। ফলে যে রোগী অর্থ দিয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে পারেন, তিনি উন্নত ওষুধ পান; আর দরিদ্র রোগী সরকারি হাসপাতালে থেকেও সেই সুযোগ থেকে বঞ্চিত হন। এভাবে একটি পুরানো জাতীয় অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা স্বাস্থ্যব্যবস্থার বৈষম্যকে আরও গভীর করে তোলে।
ভারতের কী করা উচিত?
ভারতের উচিত আইনগতভাবে প্রতি দু’ বছর অন্তর এনএলইএম-এর পুনর্বিবেচনা বাধ্যতামূলক করা। এই প্রক্রিয়ায় চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, ফার্মাকোলজিস্ট, স্বাস্থ্য অর্থনীতিবিদ, রোগী সংগঠন, রাজ্য সরকার এবং পেশাদার চিকিৎসক সংগঠনগুলির অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সরকারকে প্রতিটি অন্তর্ভুক্তি বা বর্জনের বৈজ্ঞানিক কারণও প্রকাশ করতে হবে, যাতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত হয়। একই সঙ্গে এনএলইএম সংশোধনের সঙ্গে ওষুধ ক্রয়নীতি, ডিজিটাল ইনভেন্টরি ব্যবস্থাপনা, যৌক্তিক প্রেসক্রিপশন নীতি এবং শক্তিশালী সরবরাহ ব্যবস্থা গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ।
ভারতে ওষুধের ন্যায্য মূল্য নির্ধারণের জন্য উৎপাদন খরচ এবং মুনাফার হার নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এর আগে দেশের সরকার স্বীকার করেছিল যে ওষুধ কোম্পানিগুলোকে ইউসিপিএমপি বিধি বা ওষুধের বিপণন ও প্রচার সংক্রান্ত একটি আচরণবিধি-তা মেনে চলতে বাধ্য করা যায়নি। অথচ সরকার এটিকে বিধিবদ্ধ আইনে পরিণত করার কথা বিবেচনা করতেই পারতো। তাহলে দেখা যাচ্ছে ওষুধ কোম্পানিগুলিকে তাদের দায়িত্ব সম্পর্কে অবহিত করার কোনও চেষ্টা সরকারের নেই। এটা যথেষ্টই উদ্বেগজনক। সরকারের এই নিষ্ক্রিয়তা দেশের সাধারণ গরিব মানুষের পক্ষে ক্ষতিকর, কারণ তাদের বেশি দামে ওষুধ কিনতে হচ্ছে।
আমরা জানি যে সরকারি হাসপাতালে বিনামুল্যে ওষুধ পাওয়া যায়, কিন্তু দীর্ঘ সময় ব্যয় করে ডাক্তার দেখিয়ে তার পরে ওষুধ কেনার লাইনে দাঁড়িয়ে দুপুরের পর সেই ওষুধ হাতে পাওয়া যায়। ফলে গরিব মানুষকে একদিনের রোজগার হারাতে হয়।  আর বাইরের ওষুধের দোকান থেকে ওষুধ কিনলে এমআরপি-র ওপরে কিছু কিছু ছাড় অবশ্যই দেন বিক্রেতারা। কিন্তু সরকার যদি ওষুধের দাম নিয়ন্ত্রণ না করে, তাহলে ওই ছাড়ে ক্রেতার কতটুকই বা সুরাহা হবে।

জাতীয় অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বা এনএলইএম কোনও সাধারণ প্রশাসনিক নথি নয়; এটি সামাজিক ন্যায়বিচার, জনস্বাস্থ্য এবং সাংবিধানিক দায়বদ্ধতার প্রতীক। প্রায় ৪ বছর ধরে এনএলইএম আপডেট না হওয়ার অর্থ শুধু একটি নীতিগত বিলম্ব নয়; এর অর্থ হলো বহু রোগীর জীবনরক্ষাকারী ওষুধ থেকে বঞ্চিত হওয়া, চিকিৎসার ব্যয় বৃদ্ধি পাওয়া এবং স্বাস্থ্যসেবায় বৈষম্য আরও তীব্র হওয়া।
ভারত যখন সার্বজনীন স্বাস্থ্যসেবার লক্ষ্যে এগিয়ে চলেছে, তখন এনএলইএম-এর নিয়মিতকরণ ও বৈজ্ঞানিক সংশোধনকে আর ঐচ্ছিক প্রশাসনিক কাজ হিসাবে দেখা যায় না। এটি হওয়া উচিত একটি আইনসম্মত জনস্বাস্থ্য অগ্রাধিকার। আজকের দিনে রোগীদের আজকের প্রয়োজন অনুযায়ী ওষুধ নিশ্চিত করতে না পারলে স্বাস্থ্যসেবার সাংবিধানিক প্রতিশ্রুতি পূরণ করা সম্ভব নয়। তাই একটি গতিশীল, বৈজ্ঞানিক, স্বচ্ছ এবং নিয়মিতভাবে আপডেট হওয়া দরকার। জাতীয় অত্যাবশ্যকীয় ওষুধের সাম্প্রতিক তালিকাই পারে প্রতিটি ভারতীয় নাগরিকের জন্য স্বাস্থ্য, মর্যাদা, সমতা এবং ন্যায়বিচারের অধিকারকে বাস্তব রূপ দিতে। সুতরাং এমন একটি আইন প্রণয়নের জন্য চাপ সৃষ্টি করতে হবে, যা ওষুধ কোম্পানিগুলির প্রচলিত অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিরোধক হিসাবে কাজ করবে। সাধারণ গরিব মানুষের কল্যাণে সরকার দায়বদ্ধ। নাহলে ওষুধ কেনার জন্য মানুষের পকেট খরচ বাড়তেই থাকবে।

 

Comments :0

Login to leave a comment