অভিযুক্তকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের গুলিতে জখম হলেন অভিযুক্ত। শুক্রবার সকালে পশ্চিম বর্ধমানের আসানসোলের হিরাপুর থানা এলাকার ইসমাইলে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতাপ দাস নামে ওই যুবকের ডান পায়ে গুলি লেগেছে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। পুলিশের পক্ষ থেকে ঘটনাটিকে পাল্টা গুলির ঘটনা বলে দাবি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইসমাইল এলাকার একটি বাড়িতে লুকিয়ে ছিলেন প্রতাপ। শুক্রবার সকালে তার অবস্থান সম্পর্কে গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ। অভিযানে নেতৃত্ব দেয় হিরাপুর থানার পুলিশ। ঘনবসতিপূর্ণ এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে তল্লাশি শুরু করেন পুলিশ আধিকারিকেরা। বাড়ির পাঁচিল টপকে এবং এলাকার অলিগলিতে তল্লাশি চালানো হয়।
পুলিশের দাবি, অভিযুক্তকে দেখতে পেয়েই তাকে ধরার চেষ্টা করা হয়। সেই সময় প্রতাপ পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করেন। পাল্টা গুলি চালায় পুলিশ। তাতেই তার ডান পায়ে গুলি লাগে। পরে একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সূত্রপাত বুধবার। আসানসোল দক্ষিণ থানায় দায়ের হওয়া একটি সাইবার প্রতারণার মামলায় প্রতাপকে গ্রেপ্তার করতে ইসমাইল এলাকায় অভিযান চালিয়েছিল পুলিশ। পুলিশের দাবি, সেদিনও পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যান তিনি। এরপর থেকে তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। দু’দিন পর শুক্রবার তার অবস্থান জানতে পেরে ফের অভিযান চালানো হয়।
প্রতিবেশীদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরেই বিভিন্ন বেআইনি কারবারের সঙ্গে যুক্ত ছিলেন প্রতাপ। বেআইনি লোহা পাচার এবং ডাকাতির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে বলে স্থানীয়দের একাংশের দাবি।
অন্যদিকে, পুলিশের অভিযানের আগের ঘটনা নিয়ে ভিন্ন বক্তব্য জানিয়েছিলেন প্রতাপের স্ত্রী রীনা দাস। তার দাবি, স্বামীর বিরুদ্ধে কোনও গ্রেপ্তারি পরোয়ানা ছিল না। পুলিশ বাড়িতে এসে গেটে ধাক্কা দিয়ে প্রতাপকে ডাকতে বলে। তার অভিযোগ, অভিযানের সময় কোনও মহিলা পুলিশকর্মী ছিলেন না।
পুলিশকে লক্ষ্য করে প্রতাপ গুলি চালিয়েছিলেন কি না, সে বিষয়ে প্রশ্ন করা হলে রিনা দাস জানিয়েছিলেন, তিনি সেই ঘটনা দেখেননি। তার কথায়, পুলিশের ভয়ে প্রতাপ ছুটে পালাচ্ছিলেন। তবে স্বামীর বিরুদ্ধে আগেও থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গিয়েছিল বলে স্বীকার করেন তিনি।
শুক্রবারের অভিযানে পুলিশের গুলিতে প্রতাপের জখম হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশের দাবি ও পরিবারের বক্তব্যের মধ্যে যে ফারাক সামনে এসেছে, তা নিয়েও উঠছে প্রশ্ন। ঠিক কী পরিস্থিতিতে গুলি চলল, পুলিশের গুলিচালনার প্রয়োজনীয়তা কতটা ছিল এবং গোটা অভিযানের নিয়মবিধি মানা হয়েছিল কি না, সেই প্রশ্নগুলির উত্তর পাওয়া জরুরি।
Crime
আসানসোলে পুলিশের গুলিতে জখম অভিযুক্ত
×
Comments :0