পশ্চিমবঙ্গে ট্রাইবুনালে আবেদনকারীদের বাড়ি বাড়ি যাচ্ছে পুলিশ। এই ঘটনা নিয়ে আবেদন দায়ের হলো সুপ্রিম কোর্টে।
বরিষ্ঠ দুই আইনজীবী গোপাল শঙ্করনারায়ণন এবং প্রশান্ত ভূষণ বিষয়টি তুলেছেন প্রধান বিচারপতির বেঞ্চে। প্রধান বিচারপতি সূর্য কান্ত এই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন দায়ের করার পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছে আইন বিষয়ক ওয়েবসাইট ‘লাইভ ল’।
আইনজীবী গোপাল শঙ্করনারায়ণন বেঞ্চে বলেছেন, বিষয়টি অত্যন্ত গুরুতর। যাঁরা এসএআইআর প্রক্রিয়ায় বাদ পড়ে ট্রাইবুনালে আবেদন জানিয়েছেন তাঁদের বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে। তাদের থেকে বিভিন্ন নথিপত্র চাওয়া হচ্ছে। তাদের বলা হচ্ছে ২৯ নভেম্বরের মধ্যে নথি জমা দিতে হবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশে এসআইআর’র পর আপিল ট্রাইবুনাল গঠিত হয়েছে। সুপ্রিম কোর্ট নির্দেশিত প্রক্রিয়া হস্তক্ষেপ করছে পশ্চিমবঙ্গের পুলিশ।
প্রশান্ত ভূষণ বলেন, সামনেই পৌরভোট হবে পশ্চিমবঙ্গে। সেক্ষেত্রে যাদের আবেদন ট্রাইবুনালে এখনও বিবেচনাধীন তাঁদের ভোট দিতে দেওয়া হোক।
এদিকে পৌরভোট হবে এমন এলাকায় যে ভোটারদের আবেদন ট্রাইবুনালে ঝুলে রয়েছে তাঁদের আবেদন শুনতে রাজি হয়েছে সুপ্রিম কোর্ট। কলকাতা কর্পোরেশন সহ মোট ছয়টি পৌরসভা এলাকার এই ভোটদাতাদের পক্ষে জমা আবেদনের শুনানি হবে।
প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং দুই বিচারপতি জয়মাল্য বাগচী ও ভি মোহনার বেঞ্চে ভূষণ বলেছেন, গত ২৩ নভেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয় যে কলকাতা কর্পোরেশন এলাকায় যে ভোটারদের আবেদন ট্রাইবুনালে ঝুলে রয়েছে তাকে অগ্রাধিকার দিতে হবে। কিন্তু রাজ্যে এমন আরও ছয়টি পৌরসভায় ভোট হবে।
বিচারপতি জয়মাল্য বাগচী প্রশ্ন করেন যে পুলিশ নথি জমা নিচ্ছে কিনা। সেই নথি ট্রাইবুনালে জমা দেওয়া হচ্ছে কিনা। বিচারপতি বাগচী বলেন, নাম বাদ পড়েছে এমন অনেকের পাসপোর্টও রয়েছে পৌর এলাকায়। তাঁদের বিষয়ে সিদ্ধান্ত নিতে ট্রাইবুনালের দেরি হওয়া উচিত নয়।
Police SIR Tribunal Supreme Court
ট্রাইবুনালে আবেদনকারীদের বাড়ি বাড়ি পুলিশের টহল সুপ্রিম কোর্টে, ৭ পৌরসভা নিয়ে শুনানি
×
Comments :0