Migrant Workers CITU

মুম্বাইতে মৃত পরিযায়ী শ্রমিকের স্বরূপনগরের বাড়িতে সিআইটিইউ নেতৃবৃন্দ

জেলা

স্বরূপনগরে মৃত পরিযায়ী শ্রমিক পরিবারের পাশে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক ইউনিয়ন ও স্হানীয় গণতান্ত্রিক আন্দোলনের নেতৃবৃন্দ। ছবি: প্রবীর দাস।

ফের মৃত্যু পরিযায়ীর। অনিশ্চিত জীবনের পথে আরও দুই শ্রমিক পরিবার। হাহাকার, নিস্তব্ধতায় এবারও শ্রমিক পরিবার দুটির পাশে দাঁড়ালো সিআইটিইউ। বাড়িয়ে দিলো সহযোগিতার হাত। দাবি তুললো আর্থিক ক্ষতিপূরণের।
উত্তর ২৪ পরগনার দেগঙ্গা, হাসনাবাদ, সন্দেশখালির পর এবার ভারত বাংলাদেশ সীমান্তে স্বরূপনগরের ক্যানভাসে ভেসে উঠলো দুই পরিযায়ী শ্রমিক পরিবারের আর্তনাদ। কোম্পানির অবহেলায় মৃত পরিযায়ী শ্রমিকদের, পরিবারের পাশে শনিবার সকালে পৌঁছে যায় পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক ইউনিয়ন ও স্থানীয় গণতান্ত্রিক আন্দোলনের নেতৃবৃন্দ।
উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর ব্লকের বালতি গ্রাম পঞ্চায়েত এলাকায় তরতাজা দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে। মৃতরা হলেন শিশুতলা মোড়ের বাসিন্দা আলফাজুর রহমান(২৩) এবং আমুদিয়া এলাকার বাসিন্দা শামীম গাজী (২৭)।
মৃত দুই পরিযায়ী শ্রমিক পরিবারের সাথে কথা বলে জানা গেছে, গ্রামে কাজ না পেয়ে আলফাজুর রহমান পাড়ি দিয়েছিল মহারাষ্ট্রে। সেখান সে কর্মরত থাকা অবস্থায় গত ২ ফেব্রুয়ারি মুম্বাইয়ে একটি রেললাইনের ধারে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি এবং বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে তদন্ত চলছে। অন্যদিকে, আমুদিয়ার বাসিন্দা শামীম গাজী, সেও কাজের আশায় গ্রাম ছেড়েছিল।
মুম্বাই কর্পোরেশনের অধীনে ম্যানহোলে নেমে পাইপলাইনের কাজ করার সময় বিষাক্ত গ্যাস লিক করে দুর্ঘটনাবশত ম্যানহোলের মধ্যেই মৃত্যুবরণ করেন। তাঁর স্ত্রী ও দুই বছরের এক কন্যা সন্তান রয়েছে। গত ৪ ফেব্রুয়ারি দুই শ্রমিকেরই শেষকৃত্য করা হয়। শনিবার জেলার প্রবীণ সিআইটিইউ নেতা হামলউদ্দিন আহমেদ ও জেলার গণতান্ত্রিক আন্দোলনের নেতা দেবাশিস দত্তের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মৃত দুই শ্রমিকের বাড়িতে যান। দলে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক ইউনিয়নের রাজ্য সম্পাদক আসাদুল্লাহ গায়েন, জেলা সম্পাদক অসিত সেন, সুশান্ত দেব সহ নেতৃবৃন্দ। 
প্রতিনিধি দল মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং পরিযায়ী শ্রমিকদের জন্য ইউনিয়ন ও সিআইটিইউ কীভাবে সহায়তা করে থাকে সে বিষয়ে বিস্তারিত জানান। আইনি অধিকার হিসাবে তারা আর্থিক সহায়তা কী ভাবে পেতে পারেন তারও ব্যাখ্যা করা হয়। এই আর্থিক সহায়তা পেতে হলে বিধি অনুযায়ী কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে, সে বিষয়েও পরিবারগুলিকে অবহিত করা হয়।
নেতৃত্ব পরিবারগুলির কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। সিআইটিইউ নেতা হামলাউদ্দিন আহমেদ,জেলা সহ সম্পাদক ও বসিরহাট মহকুমার আহ্বায়ক হাসানুজ্জামান স্থানীয় নেতৃত্ব ও কর্মীদের সাহায্য নিয়ে মৃত শ্রমিকদের পোস্টমর্টেম রিপোর্টের কপি ও অন্যান্য নথি সংগ্রহ করে রাজ্য নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেন এবং তারা দুই পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন বলে মৃতদের পরিবারকে আশ্বস্ত করেন। 

Comments :0

Login to leave a comment