Cooperative Election Raninagar

তৃণমূলের হারের ভয়ে রানিনগরে স্থগিত সমবায়ের ভোট, বিক্ষোভ

জেলা

সমবায় ব্যাঙ্কের সামনে থেকে কার্তিকের পাড়া মোড় অবধি মিছিল হল লাল ঝান্ডা কাঁধে।

তৃণমূলের হার বুঝেই মুর্শিদাবাদের রানিনগরে সমবায় নির্বাচন থেকে পিছিয়ে গেল প্রশাসন। সমবায় নির্বাচন পিছিয়ে দেওয়ার প্রতিবাদে রবিবার মিছিল এবং রাস্তা অবরোধ করে বিক্ষোভে শামিল হলো সারা ভারত খেতমজুর ইউনিয়ন ও সিপিআই(এম)। 
রবিবার রানিনগর বিধানসভা এলাকার রানিনগর-২ ব্লকে সেখপাড়া নজরানা কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন হওয়ার কথা ছিল। ৭৪৪ জন সদস্যের এই সমবায়ের নির্বাচন প্রায় ১২ বছর ধরে আটকে রেখেছে তৃণমূল কংগ্রেস। বর্তমানে তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণেই চলছে সমবায়। প্রায় আট বছর ধরে সমবায়ে চলছে ব্যাপক দুর্নীতি, স্বজন পোষণ। এর বিরুদ্ধে এলাকায় তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে সাধারণ মানুষের।
সেই বুঝেই শনিবার রাতে যদিও প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়, পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা না থাকার কারণেই নির্বাচন হচ্ছে না। শনিবার রাতে রানিনগর থানার পক্ষ থেকে সমবায় ভোটের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারকে লিখিতভাবে জানানো হয় যে নিরাপত্তার ব্যবস্থা করতে পারছে না পুলিশ। রাতেই নির্বাচন স্থগিত করার ঘোষণা করা হয় অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের পক্ষ থেকে। 
ভোট স্থগিত হওয়ার পরেই ক্ষোভ জানান গ্রামের মানুষ। এই সমবায় নির্বাচনে সিপিআই(এম)-এর নেতৃত্বে বামপন্থীরা প্রার্থী দিয়েছে । এছাড়াও ভোটে লড়ছে কংগ্রেস ও তৃণমূল সমর্থিত প্রার্থীরা। রবিবার সমবায় ব্যাঙ্কের সামনে থেকে কার্তিকের পাড়া মোড় অবধি মিছিল হল লাল ঝান্ডা কাঁধে। এরপর মিছিল ব্যাঙ্কের সামনে এলে বহরমপুর সেখপাড়া রাজ্য সড়ক অবরোধ করা হয়। পুলিশ দ্রুত নির্বাচনের আশ্বাস দিলে অবরোধ ওঠে। 
এদিন প্রতিবাদ মিছিল থেকে সিপিআই(এম) মুর্শিদাবাদ জেলা সম্পাদকমন্ডলী সদস্য ও খেতমজুর ইউনিয়নের জেলা সম্পাদক জামাল হোসেন বলেছেন, “ভোট হলেই তৃণমূল হারবে, সিপিআই(এম) সমর্থিত ৬ প্রার্থীই জিতবেন। এটা বুঝেই ভোট বন্ধ করা হয়েছে। বিধানসভা নির্বাচনেও মানুষ তৃণমূলের বিরুদ্ধে ফুঁসছেন। এর জবাব তৃণমূলকে পেতে হবে।‘‘

Comments :0

Login to leave a comment