চলতি বিশ্বকাপ যে দলই জিতুক, অনায়াসে একে জিম্বাবোয়ের বিশ্বকাপ বলে চিহ্নিত করা যায়। যে দলটি উগান্ডার কাছে হেরে ২০২৪ বিশ্বকাপে খেলারই সুযোগ পায়নি, তারা অস্ট্রেলিয়া ও অন্যতম আয়োজক শ্রীলঙ্কাকে হারিয়ে দিল। জিম্বাবোয়ের এই উত্থান ফিনিক্স পাখির মতো। এই বিশ্বাকপে অপরাজিত দল চারটি। গতবারের চ্যাম্পিয়ন ভারত, রানার্স দক্ষিণ আফ্রিকা, দু’বারের বিশ্বজয়ী ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবোয়ে। লিগের শেষ খেলায় কার্যত তারা উড়িয়ে দিল শ্রীলঙ্কাকে।
জয়ের পর ম্যাচের সেরা ও দলের অধিনায়ক সিকন্দর রাজা বলেন, ‘সবসময়েই ভালো করার সুযোগ থাকে। আমরা সুপার এইটের কথাই ভাবছি। তবে বর্তমানের কথা হলো, কেউই আমাদের কোনও সুযোগ করে দেয়নি এখানে আসার জন্য। গত দু’সপ্তাহে যে খেলাটা আমাদের দল খেলছে সেই কারণেই এখানে এসেছি আমরা।’ এরপর তিনি বলেন, ‘ক্রিকেটপ্রেমীদের হৃদয় জয় ও সম্মান পাওয়ার থেকে ভালো অবস্থা কি হতে পারে।’
জয়ের জন্য জিম্বাবোয়ের দরকার ছিল ১৭৯। প্রেমাদাসায় এই রান খুব একটা কম নয়। ১৯.৩ ওভারে ৪ উইকেটে ১৮২ তুলে নেয় তারা। ব্রায়ন ব্রেনেট অপরাজিত ৬৩ করেন। রাজা করেন ৪৫। তাডিওয়ানাসে মারুমানি ৩৪ করেন। রাজা ও ব্রেনেট ৩৪ বলে ৬৯ রান যোগ করে জয়ের পথ প্রশস্ত করেন।
এর আগে শ্রীলঙ্কা ৭ উইকেটে ১৭৮ করে। পাথুম নিশঙ্কা (৬২) ও পবন রত্নায়েকে (৪৪) ব্যাট হাতে কিছুটা সফল। জিম্বাবোয়ের ব্লেসিং মুজাবারানী, ব্রাড ইভান্স ও গ্রেম ক্রেমের ২টি করে উইকেট পান।
অন্যদিকে, গ্রুপ পর্বের শেষ খেলায় অনায়াসেই জিতল আফগানিস্তান। প্রথমে ব্যাট করে তারা ৪ উইকেটে ২০০ তোলে। ইব্রাহিম জর্ডানের (অপরাজিত ৯৫) সৌজন্যেই এই বড় রান বোর্ডে তোলে তারা। এছাড়া সেদিকুল্লাহ আতাল (৪৪) ও রহমতুল্লাহ গুরবাজ (৩০) যোগ্য সঙ্গত দেয় ইব্রাহিমকে।
কানাডা শুরতে অবশ্য দ্রুত রান তাড়া করে। যুবরাজ সামরা (১৭) কয়েকটি বাউন্ডারিও মারেন প্রথম ওভারেই। যদিও সামান্য সময় পরেই মুজিব-উর-রহমান দিলপ্রীত বাজওয়াকে (১৩) ফিরিয়ে দেন। শেষ ম্যাচে নবনীত ধালিওয়াল শূণ্য করলেন। এরপরেই মহম্মদ নবী ফিরিয়ে দেন যুবরাজকে। ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে কোমর ভেঙ্গে যায় কানাডার। ৪৮ রানেই অর্ধেক দল ফিরে যায় প্যাভিলিয়নে। নবী (৪-০-৭-৪) অনবদ্য বোলিং করেন। হর্ষ ঠাকার (৩০) ও সাদ বিন জাফর (২৮) চেষ্টা করায় শেষ অবধি কানাডা ১১৮/৮ তোলে।
ম্যাচের পর অধিনায়ক রশিদ খান বলেন, ‘আমরা এই প্রতিযোগিতার জন্য ভালোভাবেই প্রস্তুত ছিলাম। খুব কাছাকাছি পৌঁছেছিলাম। এমন নয় যে খারাপ কিছু ম্যাচ খেলেছি। দক্ষিণ আফ্রিকা ম্যাচটাই আমাদের পিছিয়ে দিয়েছিল। আমরা শেষ দু’ ম্যাচ হারিনি।’
Zimbabwe beat Sri Lanka
শ্রীলঙ্কাকে হারিয়ে অপরাজিত জিম্বাবোয়ে শেষ ম্যাচে জয় নবীদের
×
Comments :0