Armed Forces Disability Pension Tax

প্রতিবন্ধকতার শিকার সেনাকর্মীদের পেনশনে কর কেন্দ্রের, প্রতিবাদ বেবির

জাতীয়

প্রতিবন্ধকতার শিকার সেনাকর্মীদের পেনশনেও কর বসিয়েছে কেন্দ্রের সরকার। সেনায় যোগ দেওয়ার পর কোনও কর্মক্ষমতা হারিয়ে চাকরি থেকে অবসর নিলে কেবল পেনশন করমুক্ত থাকবে। 
কেন্দ্রীয় বাজেটের সঙ্গে পেশ অর্থবিলের এই প্রস্তাব ঘিরে বিভিন্ন অংশ থেকে উঠছে জোরালো প্রতিবাদ। ২০১৯ সালে প্রত্যক্ষ কর বিষয়ক কেন্দ্রীয় বোর্ড একই উদ্দেশ্যে সার্কুলার জারি করেছিল। সে সময় সুপ্রিম কোর্ট চালু ব্যবস্থা বদলানোয় স্থগিতাদেশ দেয়। 
দায়িত্ব পালন করতে গিয়ে অঙ্গহানির শিকার এমন সেনা পরিবারের সদস্যরাও তুলছেন প্রশ্ন। বিভিন্ন অংশের বক্তব্য, কর্মরত থাকলেও শারীরিক প্রতিবন্ধকতা জনিত সমস্যা সারা জীবন বইতে হয় এই সেনাকর্মীদের। থাকে চিকিৎসার অতিরিক্ত বোঝাও। সে কারণেই পেনশন করমুক্ত ছিল এতদিন। সেটিকে কেড়ে নিচ্ছে সরকার।
অর্থবিলে বলা হয়েছে যে পেনশনে ছাড় মিলবে শারীরিক অক্ষমতার জন্য কাজ ছেড়ে দিতে হয়েছে কেবল এমন সেনাকর্মীদের। কাজে যুক্ত থাকতে পারলে পেনশনে কর ছাড় আর মিলবে না।  
সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবি কর ছাড় বাতিলের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। সোশাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, একশো বছরের বেশি সময় ধরে অঙ্গহানির বা শারীরিক প্রতিবন্ধকতার শিকার সেনা কর্মীদের পেনশনে কর ছাড় চালু রয়েছে। কিন্তু আয়কর আইন সংশোধন করে এই ব্যবস্থা বাতিল করার জন্য সংশোধনী পেশ হয়েছে। 
বেবি বলেছেন, শারীরিক প্রতিবন্ধকতা বা অঙ্গহানির শিকার হয়েও সেনার কর্তব্য পালন করেছেন যাঁরা কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারামন বা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অসম্মান করছেন তাঁদের। যার ফলে কোনোরকম শারীরিক প্রতিবন্ধকতা দেখা দিলে সেনা থেকে অবসর নিতে বাধ্য করার ব্যবস্থা চালু হবে।  
বেবি বলেছেন, একদিকে কর্পোরেটদের নানাভাবে বিপুল কর ছাড় দেওয়া চলছে। আরেকদিকে অবসরপ্রাপ্ত এই সেনাকর্মীদের পেনশনের ওপর কর চাপানো হচ্ছে। ‘খরচ যুক্তিসঙ্গত করা‘ বা ‘অপব্যয় রোধ’ করার নামে অজুহাত খাড়া করা হচ্ছে। 
বেবি বলেছেন, এই কর বাতিল করতে হবে। বিজেপি একদিকে নিজেদের ‘আসল জাতীয়তাবাদী‘ বলে দাবি করে। আরেকদিকে সেনা কর্মীদের বিপন্ন করে।
এর আগে নরেন্দ্র মোদী সরকারই  ‘অগ্নিবীর’ প্রকল্পের নামে সেনায় অস্থায়ী নিয়োগ চালু করেছে। অতীতে দেশে কখনও এমন হয়নি।

Comments :0

Login to leave a comment